ইয়াবা পাচার: ১৯ জনকে ১০ বছর করে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ ধরার ট্রলারে লুকিয়ে সমুদ্রপথে ইয়াবা বড়ি পাচারের দায়ে টেকনাফের ১৯ ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গণি। আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের শামশুল আলম ওরফে কালু (৩৫), একই এলাকার জাহিদ হোসেন (১৮), অছি উল্যাহ (৩০), আইয়ুব আলী (৩৫), আজিজুল হক (২০), মকবুল আহমদ (১৮), রফিক আলম (১৮), উত্তর লম্বরী পাড়া এলাকার খাইরুল আমিন (২৮), ফজল করিম (২৫), মো. ইলিয়াছ (২১), আব্দুল্লাহ (১৮), জাহাঙ্গীর আলম (৩২), জিয়াউর রহমান (১৮), দক্ষিণ লম্বরী আদর্শগ্রাম এলাকার আনোয়ার হোসেন (১৮), মোহাম্মদ রুবেল (১৮), দক্ষিণ লেঙ্গুরবিল আদর্শগ্রাম এলাকার রুবেল মিয়া (১৮) ও রাশেদুল হক (২৬), মৌলভীপাড়া এলাকার নুরুল আলম (২৩) ও চান্দলীপাড়া এলাকার ইমাম হোসেন ওরফে নবী হোসেন (৩০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের অতিরিক্ত কৌঁসুলি ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, কক্সবাজার আদালতে এক মামলায় একসঙ্গে ১৯ জনকে ১০ বছরের করে কারাদণ্ড এবং জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়ার নজির আর নেই। এ রায়ের মাধ্যমে আদালত একটি বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছেন। আর সেটি হচ্ছে ইয়াবা পাচার ও ব্যবসার জড়িত থাকলে শাস্তি পেতেই হবে।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে টেকনাফের সেন্ট মার্টিনের কাছে সাগর উপকূল থেকে কোস্টগার্ডের একটি দল দুটি মাছ ধরার ট্রলারসহ ১৯ ব্যক্তিকে আটক করে। এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে তাঁরা উদ্ধার করে চার লাখ ইয়াবা বড়ি।