মিয়ানমারের অভ্যন্তরে ইয়াবা কারখানা খুঁজে বের করে ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার মিয়ানমারে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির আঞ্চলিক কমান্ডার পর্যায়ের এক সমন্বয় সভায় তাঁরা জানান, ইয়াবার পাচার রোধে অভিযানের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
মিয়ানমারের মংডু শহরের ১ নম্বর এন্ট্রি ও এক্সিট সম্মেলনকক্ষে বিজিবি ও বিজিপি কর্মকর্তাদের মধ্যে এ সভা হয়। সেখানেই এসব কথা বলা হয়। বেলা ১১টায় শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলে সভা।
সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। আর মিয়ানমারের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী, মিয়ানমারে আটক ৪৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আজ বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে মিয়ানমার জলসীমায় তাঁরা আটক হয়েছিলেন।
সভায় বিজিপির দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিবুল করিম বলেন, মিয়ানমার সরকার মানব পাচার, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে। সে দেশের অভ্যন্তরে স্থাপিত ইয়াবা কারখানা খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির কর্মকর্তারা। তিনি বলেন, আগামী জানুয়ারি মাসে বিজিবি মহাপরিচালক ও বিজিপি মহাপরিচালক পর্যায়ে মিয়ানমারে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
গতকালের সভায় ইয়াবা ও মাদক পাচার প্রতিরোধসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, সীমান্ত এলাকায় গুলিবিনিময় বন্ধ, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা চালুসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়। ইয়াবা পাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় টাস্কফোর্স অভিযান চালানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সভা শেষে বাংলাদেশ প্রতিনিধিদল বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের জেটি দিয়ে দেশে ফেরে। তারা সকাল সাড়ে সাতটার দিকে একই স্থান দিয়ে মিয়ানমারে যায়।
বিকেলে প্রতিনিধিদলটি টেকনাফ স্থলবন্দরের ডাকবাংলোতে সভা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করে। এ সময় কর্নেল অলিউর রহমান, কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী, কর্নেল এম এম আনিসুল রহমান, কর্নেল মো. হাবিবুর রহমান, লে. কর্নেল আবুজার আল জাহিদ, লে. কর্নেল রাকিবুল ইসলাম, মেজর আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।