বান্দরবানে ইয়াবা পাচারে ৩০ ব্যক্তির সঙ্গে সাত পুলিশ কর্মকর্তার জড়িত থাকার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা প্রতিবেদন নিয়ে পুলিশের মধ্যে ব্যাপক অালোচনা চলছে। প্রতিবেদনের ভিত্তিতে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জেলা পর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বলে গত ৭ মে কর্মকর্তারা জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী বান্দরবানের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারে বান্দরবান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), আলীকদম ও নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নাইক্ষ্যছড়ির তিনজন ও লামা থানার একজন উপপরিদর্শক সহযোগিতা করেন।
তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা বলেছেন, প্রতিবেদনটি তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ নয়।
গোয়েন্দা প্রতিবেদনে মাদক বা ইয়াবা পাচারকারী হিসেবে কক্সবাজার ও বান্দরবান পার্বত্য জেলায় প্রায় ৬০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে বান্দরবানে ৩০ জনের নাম রয়েছে। নাইক্ষ্যংছড়িতে কামাল উদ্দিন ও বহিরাগত মোশারফ হোসেনের ছত্রচ্ছায়ায় আশারতলি, লেমুছড়ি ও ঘুনধুম সীমান্ত দিয়ে ইয়াবা চালান আসে এবং বিভিন্ন স্থানে মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে সরবরাহ করা হয়।
বান্দরবান জেলা শহরে পাচারকারী দলের সদস্য হিসেবে আবু তাহের, রুস্তমসহ একজন উপজেলা চেয়ারম্যানের ছেলের নামও উল্লেখ করা হয়।
বান্দরবান সদর সার্কেলের এএসপি শিবলি কায়সার বলেছেন, আইন প্রয়োগে শক্ত অবস্থান নেওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক পাচারকারী ও তাঁদের সহযোগিরা ষড়যন্ত্র করছেন। আলীকদমের ওসি মোহাম্মদ হোসাইন বলেছেন, প্রতিবেদনে তাঁকে লামা থানার ওসি বলা হয়েছে। সুতরাং প্রতিবেদনটি ভিত্তিহীন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হুমায়ুন কবীর খন্দকার বলেছেন. তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈির করা হয়েছে। যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি বিজিবি ও পুলিশকে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য গোয়েন্দা প্রতিবেদনের কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে দুজন এসআইকে বদলি করা হয়েছে।