ইয়াবা পাচারে রোহিঙ্গা নারী
কক্সবাজার, উখিয়া ও টেকনাফে বসবাসকারী মিয়ানমারের চার শতাধিক নারী মাদক ‘ইয়াবা’ পাচারে জড়িয়ে পড়েছেন। মিয়ানমার থেকে চোরাইপথে আসা ইয়াবার চালান রোহিঙ্গা নারীরা শরীরে লুকিয়ে টেকনাফ থেকে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। অর্থের লোভে ভাসমান রোহিঙ্গা নারীরা এ অপরাধে বেশি জড়িয়ে পড়ছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় টেকনাফ পৌরসভার বাসস্টেশনে অভিযান চালিয়ে বিডিআর সদস্যরা এক হাজার ১০টি ইয়াবা বড়িসহ সেতারা বেগম (২৯) ও তাঁর স্বামী মো. খানকে (৩০) আটক করেন। ১ অক্টোবর সন্ধ্যায় টেকনাফ থানায় সেতারা বেগম সাংবাদিকদের জানান, ইয়াবাগুলো তাঁর নয়, একটি প্রভাবশালী মহল তাঁকে দিয়ে এই ইয়াবা চট্টগ্রামে পাচার করছে।ইয়াবাসহ নারী আটকের খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় (কক্সবাজার-৪) সাংসদ আবদুর রহমান বদি থানায় গিয়ে পুলিশকে বলেন, ‘শুধু সেতারাকে ধরলে চলবে না, ইয়াবা পাচারের মূল হোতাদের ধরার চেষ্টা করুন।’ হোতাদের আটক করতে শিগগিরই অভিযান শুরু করা হবে বলে সাংসদকে আশ্বস্ত করেন টেকনাফ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম।পুলিশ সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর পুলিশের একটি দল চট্টগ্রামের জুবিলি রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রায় চার হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা তরুণী সখিনা খাতুন, সলিমা বেগম ও দিল আরাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গত ২৯ আগস্ট রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আনোয়ারা বেগম ও তরুণ মো. আলমকে আটক করে। এর আগে ২৩ আগস্ট একই দল রাজধানীর শাহবাগ থেকে ৫০০টি ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী তৈয়ুবা খাতুনকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নারীদের মাধ্যমে ইয়াবা পাচার ও পাচারের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন সম্ভব হয়।কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, নারীদের মাধ্যমে ইয়াবা পাচার করে টেকনাফের অনেকে কোটিপতি বনে গেছেন। গত তিন মাসে পুলিশসহ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েক হাজার ইয়াবাসহ ১০ জনের বেশি পাচারকারীকে আটক করেছেন। তারপরও ইয়াবা পাচার বন্ধ হচ্ছে না।জানা যায়, টেকনাফে অন্তত এক লাখ ভাসমান রোহিঙ্গা রয়েছে। উখিয়া ও কক্সবাজারে অবৈধভাবে বসবাস করে আরও দেড় লাখ রোহিঙ্গা।সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিডিআর, পুলিশ ও র্যাব সদস্যরা শুধু টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ ৪১ জন পাচারকারীকে আটক করেন। তাঁদের মধ্যে নারী পাচারকারীর সংখ্যা অন্তত ২০ জন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী ইয়াবা পাচারকারী জানান, টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং শিবিরের অন্তত ৪৬০ নারী ইয়াবা পাচারে জড়িত। ইয়াবার চালান টেকনাফ থেকে চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দিলে পাওয়া যায় ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়া একজন নারীর দৈনিক গড়ে পাঁচ থেকে ১০টি ইয়াবা বিক্রি করলে আয় হয় ৫০০ থেকে দুই হাজার টাকা। তাই বহু বেকার রোহিঙ্গা নারী এই ব্যবসায় নেমে পড়েছেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মিয়ানমার ও টেকনাফের পাঁচটির বেশি চক্রের ৪০ জনের বেশি সদস্য প্রায় এক বছর ধরে অসহায়, গরিব ও তালাকপ্রাপ্ত নারীদের মাধ্যমে ইয়াবার চালান পাচার করছে। মিয়ানমারের পাচারকারীরা মংডু থেকে নারীদের শরীরে অথবা সঙ্গে করে নিয়ে আসা মালামালের ভেতরে লুকিয়ে সীমান্ত ট্রানজিট দিয়ে ইয়াবার চালান টেকনাফ নিয়ে আসেন। টেকনাফ থেকে এই ইয়াবার চালান ভাসমান রোহিঙ্গা নারীদের মাধ্যমে সড়কপথে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হয়। মাঝেমধ্যে কিছু পাচারকারী বিডিআর, পুলিশ ও র্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে ইয়াবাসহ ধরা পড়ে।বিডিআর সূত্র জানায়, গত ২৫ আগস্ট বেলা সাড়ে ১১টায় টেকনাফ সদর ফাঁড়ির জওয়ানেরা ট্রানজিট নিয়ে আসা মিয়ানমারের মংডু শহরের থায়ুনখালী এলাকার মোহাম্মদ শহীদকে (২৮) ৯৮৯টি ইয়াবা বড়িসহ আটক করেন। ৯ আগস্ট এক হাজার ইয়াবা বড়িসহ আটক করা হয় মংডু শহরের কাহারি পাড়ার কামাল হোসেনকে (২২)। ১২ আগস্ট বিকেলে টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া তল্লাশি চৌকিতে পাঁচ হাজার তিনটি ইয়াবা বড়িসহ দুই পাচারকারী টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার নেজাম উদ্দীন (২৬) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার দেলোয়ার হোসেন (২৩) আটক হন। এর কয়েক দিন আগে ২০০টি ইয়াবাসহ ধরা পড়েন টেকনাফ পৌরসভার কায়ুকখালী গ্রামের খতিজা বেগম (২৮)।নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআরের এক সুবেদার জানান, প্রতিদিন এ ট্রানজিট ঘাট দিয়ে মিয়ানমারের দুই শতাধিক নারী-পুরুষ টেকনাফ আসা-যাওয়া করেন। তাঁদের অনেকেই ইয়াবাসহ মাদক নিয়ে আসেন। তবে গত জুলাই থেকে ট্রানজিটঘাট, দমদমিয়া তল্লাশি চৌকি ও স্থলবন্দর ইমিগ্রেশন বিভাগে নারী আনসার সদস্য নিয়োগ করায় ইয়াবা পাচারকারীরা বেকায়দায় পড়ে গেছেন। খবর রয়েছে, চোরাচালানিরা তল্লাশি চৌকি এড়িয়ে ভিন্ন পথে ইয়াবাসহ মাদকের চালান পাচার করছেন। আনসার সদস্য রিনা দত্ত ও বিলকিস আকতার জানান, ট্রানজিট ঘাট দিয়ে টেকনাফে আসা নারীদের শরীর তল্লাশি করে গত দুই মাসে তাঁরা পাঁচ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন।টেকনাফ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুর রশিদ জানান, চোরাচালান নির্মূলে টেকনাফ সীমান্তের তিনটি পয়েন্টে গত ১৪ জুলাই ১৫ নারী আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে ইয়াবাসহ মাদক পাচারকারীরা বেকায়দায় পড়েন। চোরাচালান প্রতিরোধে নারী সদস্যদের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে।