ইয়াবা পোড়াতে গিয়ে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে বিজিবি মাঠে গতকাল দুপুরে প্রথমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও পরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ চুল্লিতে কিছু ইয়াবা ঢেলে দেন। এরপর বিজিবির দুই সদস্য পাঁচ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ইয়াবা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে ১১ জন বিজিবি সদস্য আহত হন । ছবি: প্রথম আলো
কক্সবাজারে বিজিবি মাঠে গতকাল দুপুরে প্রথমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও পরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ চুল্লিতে কিছু ইয়াবা ঢেলে দেন। এরপর বিজিবির দুই সদস্য পাঁচ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ইয়াবা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে ১১ জন বিজিবি সদস্য আহত হন । ছবি: প্রথম আলো

কক্সবাজারে গতকাল রোববার বেলা সোয়া একটায় মাদকদ্রব্য ধ্বংসের সময় ইয়াবা পোড়াতে গিয়ে চুল্লির দুই দফা বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। শহরের ঝিলংজায় বিজিবির কক্সবাজার সেক্টর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
বিজিবির আহত সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় অল্পের জন্য রক্ষা পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আতোয়ার রহমান, চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব অঞ্চলের বিজিবির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী, বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান, ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জাফর আলম, পুলিশ সুপার মো. আজাদ মিয়াসহ উপস্থিত অনেকে।
বিজিবির আহত সিপাহিরা হলেন হাবিবউল্লাহ, ফয়জুল ইসলাম, বেলায়েত হোসেন, আবদুল হালিম, আশরাফুল ইসলাম, মিলন কান্তি ধর, জাহিদ হোসেন, আদনান, আনিসুর রহমান, মো. বিপ্লব হোসেন ও নায়েক আবদুল আলিম। তাঁদের মধ্যে বেলায়েত, জাহিদ, ফয়জুল, আদনান, আনিসুর ও হাবিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত তিন মাসে কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন স্থান থেকে ইয়াবা বড়িসহ প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল এসব মাদকদ্রব্য ধ্বংস করার কথা ছিল। সোয়া একটায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিজিবির কর্মকর্তারা প্রথমে বিদেশি মদের কিছু বোতল ভাঙেন। পরে ইয়াবা পোড়ানোর জন্য প্রস্তুত দুটি চুল্লিতে বিজিবির সদস্যরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। চুল্লিতে প্রথমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিছু ইয়াবা বড়ি ঢালেন। এরপর ঢালেন বিজিবির মহাপরিচালক। তারপর বিজিবির দুজন সদস্য দুটি পাত্রে রাখা পাঁচ কোটি ১৩ লাখ টাকা মূল্যের এক লাখ ৭২ হাজার ইয়াবা বড়ি চুল্লিতে ঢেলে দেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে একটি চুল্লির বিস্ফোরণ ঘটে। এ সময় বিজিবির ১১ সদস্যের গায়ে আগুন ধরে যায়। বিজিবির অন্য সদস্যরা তাঁদের শরীরে বালু ও পানি ঢেলে আগুন নেভান। দ্রুত তাঁদের দুটি অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা সুলতান আহমদ সিরাজী বলেন, বিজিবির দগ্ধ পাঁচ সদস্যকে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাঁরা আশঙ্কামুক্ত।
বিস্ফোরণের পর সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।’ তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ীদের ধরতে সোমবার (আজ) বিশেষ অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ইয়াবা ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী নেতা বা ব্যক্তিই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে।’