ইয়াবা প্রতিরোধ করতে হবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গ্রামে গ্রামে ইয়াবা পৌঁছে গেছে। এটিকে প্রতিরোধ করতে হবে। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো আরেকটি ভয়ংকর মূর্তি হলো মাদক।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
রাজনীতিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা শুধু রাজনৈতিক বক্তৃতা করবেন না। মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন গড়ে তুলবেন। নিজ নিজ এলাকাকে মাদকমুক্ত করে তুলবেন। মনে রাখবেন, তথাকথিত রাজনীতিকেরা সব সময় পরবর্তী নির্বাচনের কথা ভাবে, আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের কথা ভাবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশ এমনই যে জঙ্গিরা কখনোই সফল হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকারের প্রসঙ্গ এলে জগন্নাথ হলের নাম সবার আগে উচ্চারণ করা হবে।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্নালাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দুর্গাদাস ভট্টাচার্য, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ মলয় কুমার সাহা।
এর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আড্ডা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো ছিল দিনব্যাপী এ আয়োজনে।