মিয়ানমার সীমান্ত দিয়ে আসা ইয়াবাসহ মাদক চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবিসহ আদালতের বিচারকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়, ইয়াবাসহ পাচারকারী ধরা পড়ার পরও এজাহারে ভুলত্রুটি থাকায় আদালত থেকে অনেকে জামিন পেয়ে যাচ্ছে। এ কারণে ইয়াবা ব্যবসা বন্ধ হচ্ছে না।
গতকাল শুক্রবার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সন্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘বিচার বিভাগীয় সন্মেলনে’ আদালতের বিচারক, আইনজীবী ও সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এই অভিমত ব্যক্ত করেন।
জেলা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. পু চ নু, জেলা কারাগারের সুপার মো.সাঈদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী আবুল কালাম আজাদ, মোহামঞ্চদ জাহাঙ্গীর, দীলিপ কুমার আচার্য্য, আবুল আলা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. তারেক, আদালতের পিপি মমতাজ আহমদ, এপিপি নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার বিচারিক হাকিম আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা হুসনে আরা, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমদসহ অন্তত ১৫ জন ম্যাজিস্ট্রেট।
সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা ওই সভায় আদালতের মোকদ্দমার দ্রুত নিষ্পত্তি, ফৌজদারি বিচারব্যবস্থা, বিচারক ও আদালতের নিরাপত্তা, বিচারকের জবাবদিহিতা ও স্বচ্ছতা, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। মো. তারেক বলেন, কক্সবাজার আদালতে বর্তমানে প্রায় ৫৩ হাজার মামলা রয়েছে। এর মধ্যে বিচারাধীন মামলা ২০ হাজার ১৪০টি। অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া না হলে এই মামলা নিষ্পত্তি করতে ২৫ বছর সময় লাগবে।
আবুল কালাম আজাদ বলেন, ইয়াবাসহ মাদক পাচার, মানব পাচারসহ বিভিন্ন আইনের সংশোধন দরকার। তা ছাড়া বিচারকের সংকট থাকায় একজনকে তিন-চারটি আদালত পরিচালনা করতে হচ্ছে। এতে বিচারের মান থাকছে না।
মোহামঞ্চদ জাহাঙ্গীর বলেন, সমন্বয়হীতার অভাবে ইয়াবাসহ বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। পুলিশের অসংগতিপূর্ণ অভিযোগপত্র, চিকিৎসকের পক্ষপাতিত্বমূলক সনদ নিয়ে আদালতের রায়ে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খালাস পাওয়ার লোক শাস্তি পাচ্ছেন, আর শাস্তি পাওয়ার লোক পাচ্ছেন খালাস।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, ইয়াবা চালান ধরা পড়লেও হোতাদের ব্যাপারে কেউ তথ্য দেয় না। আদালতে সাক্ষ্য দেয় না। ফলে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ সম্ভব হয় না। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, টেকনাফ-কক্সবাজার সড়কে বিজিবি, পুলিশ ও শুল্ক বিভাগের একাধিক চেকপোষ্ট থাকলেও ইয়াবা তল্লাশির আধুনিক কোনো ব্যবস্থা নেই। টেকনাফ স্থলবন্দরে মালামাল পরিবহনের কোনো নীতিমালা নেই। কাগজপত্র ছাড়া ট্রাকবোঝাই মালামালের সঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার হচ্ছে। সামাজিক আন্দোলন ছাড়া ইয়াবা ব্যবসা বন্ধ করা কারও পক্ষে সম্ভব নয়।
জেলা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আমি এখানে ব্যবসা করতে আসিনি এবং কাউকে ব্যবসা করতে দেব না। আমরা ( বিচারকেরা) আল্লাহর প্রতিনিধিত্ব করি, আইন ছাড়া আমরা কিছুই বুঝব না। আবেগ দিয়ে কিছু করলে আল্লাহর কাছে বিচারকদের জবাবদিহি করতে হবে।’ তিনি ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।