ইয়াবা ব্যবসায়ীদের গুলি করে মারার ব্যবস্থা চান মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী

ইয়াবা ব্যবসায়ীদের চিহ্নিত করে গুলি করে মারার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এটি করা গেলে ইয়াবা বিক্রি চিরতরে বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। গত সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ইয়াবা যাঁরা বিক্রি করেন, তাঁদের ধরেন, তাঁদের ছেড়ে দেবেন না। তাঁদের চিহ্নিত করে গুলি করে মারার ব্যবস্থা করা হোক, যাতে নিশ্চিহ্ন হয়ে যায়। ইয়াবার বিরুদ্ধে সিরিয়াস (কঠোর) অবস্থান নিতে হবে।’
চট্টগ্রামের সাবেক এই মেয়র বলেন, ‘ইয়াবা সর্বত্র ছড়িয়ে পড়েছে। যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ আছে, তারা চাইলে এটি রোধ করতে পারে। ইয়াবা খেয়ে আমাদের যুবক ও সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। ইয়াবা খেয়ে ছেলে বাবাকে, মেয়ে মাকে খুন করছেন। এসব জঘন্য অপরাধ হচ্ছে ইয়াবার কারণে।’
চট্টগ্রাম নগরের গৃহকর (হোল্ডিং ট্যাক্স) নিয়ে সৃষ্ট জটিলতা মেয়র আ জ ম নাছিরকে নিয়ে সুরাহার চেষ্টা করবেন বলে সমাবেশে ঘোষণা দেন মহিউদ্দিন চৌধুরী। গরিব মানুষের গৃহকর মওকুফ করে দেওয়ার জন্য তিনি মেয়রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে আমি কিছু কথা বলেছিলাম। এর সুরাহা করা চাই। আমি আর মেয়র নাছির এক হয়ে চেষ্টা করব, বর্ধিত হোল্ডিং ট্যাক্স যেটা আছে, সেটি যাতে আর বাড়ানো না হয়।’
গত বছরের ২১ মার্চ মেয়র নাছির নগরের ১১টি ওয়ার্ডের গৃহকর মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেন। তখন থেকেই এর প্রতিবাদ করে আসছেন মহিউদ্দিন চৌধুরী। গতকালের সমাবেশে মেয়রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শহরের আদি বাসিন্দারা অনেকটা গরিব হয়ে গেছেন। শহরে যাঁদের দুই গন্ডা জায়গা আছে, তাঁরা সেখানে বাড়িঘর করেছেন। সেখানে কোনোমতে বসবাস করে ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। তাই আমি বলব, গরিবের ওপর যাতে ট্যাক্স বাড়ানো না হয়। ট্যাক্স বাড়ানো হলে অনেক নগরবাসী ভয়ে শহর ছেড়ে চলে যাবে।’
শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি নগর আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান।
বিভিন্ন কারণে শ্রমিকেরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ কলকারখানার দায়িত্ব যোগ্য মানুষের হাতে দিতে হবে। যাতে কলকারখানা বন্ধ হয়ে শ্রমিকদের বেকার হয়ে যেতে না হয়।
শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে থাকার ঘোষণা দেন মেয়র নাছির। সমাবেশে তিনি বলেন, শ্রমিকেরা ঐক্যবদ্ধ থাকলে তাঁদের দাবি আদায় সহজ হবে।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চট্টগ্রাম নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রমুখ।