ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সে দেশের ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া বিজিবির একজন কর্মকর্তা এসব তথ্য জানান।
গতকাল বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে (মৈত্রী সেতু এলাকা) বিজিবি ও বিজিপির মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়।
বৈঠকে ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। প্রতিনিধিদলে ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, লে. কর্নেল মো. হাসান মোরশেদ, লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, লে. কর্নেল এ আর এম নাসির উদ্দিন একরাম, লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, লে. কর্নেল শফিউল আজম পারভেজ, মেজর মাহবুব সাবের, মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।
মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের ১ নম্বর বিজিপির মংডু রিজিয়নের কমান্ডার মং মং খিন।
বিজিবি সূত্র জানায়, বৈঠকের শুরুতে বিজিবি কমান্ডার গত বছরের ১৫ ডিসেম্বর মিয়ানমার সীমান্তে নিখোঁজ দুই বাংলাদেশির সন্ধান জানতে চান। জবাবে বিজিপি কমান্ডার বলেন, নানাভাবে চেষ্টা চালিয়েও তাঁরা দুই বাংলাদেশির খোঁজ পাননি। মিয়ানমার সেনাবাহিনীও তাঁদের বিষয়ে কিছু জানে না। তারপরও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের মাঝেরঝরা এলাকা থেকে বিজিপি সদস্যরা গুলি করে ছৈয়দ আলমকে ধরে নিয়ে যান। এর আগের দিন একই এলাকা থেকে গুলি করে ধরে নিয়ে যাওয়া হয় জয়নাল আবেদিনকে। দুজনের বাড়ি নাইক্ষ্যংছড়ির আশারতলী গ্রামে। এ ঘটনার পর মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নেওয়া এবং সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। কিন্তু বিজিপি দুই বাংলাদেশির ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য দিচ্ছে না।
বৈঠকে বলা হয়, মিয়ানমারের একাধিক কারখানায় উৎপাদিত ইয়াবার সিংহভাগ বাংলাদেশে পাচার হচ্ছে। এতে দেশের তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে। তাই ইয়াবা কারখানা উচ্ছেদের পাশাপাশি ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার জরুরি। জবাবে বিজিপি কমান্ডার বলেন, ইয়াবা তৈরির উপকরণ ও কাঁচামাল সেখানে নিষিদ্ধ। তারপরও মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা চোরাচালান হচ্ছে। এখন থেকে মিয়ানমারের ইয়াবা ব্যবসায়ীদের ধরতে মাঠে নামবে বিজেপি।
বৈঠক শেষে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে জানান, বৈঠকে নিখোঁজ দুই বাংলাদেশির সন্ধান চাওয়া ছাড়াও ইয়াবা চোরাচালান বন্ধের দাবি জানানো হয়। বিজিপি সে দেশের ইয়াবা চোরাচালানিদের ধরবে বলে আশ্বাস দিয়েছে। এ ছাড়া বৈঠকে সীমান্ত ও নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।