ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের 'বন্দুকযুদ্ধে' চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের উত্তর লারপাড়ায় গত রোববার দিবাগত রাতে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করে। চকরিয়া থানার পুলিশ এ কথা জানায়।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে চকরিয়ার নলবিলা বনজ দ্রব্য পরীক্ষণ ফাঁড়ি এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে চার হাজার ইয়াবা বড়িসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় দুটি গাড়ি ও ৬৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদের (৩২) অন্যতম সহযোগী জয়নালকে ধরতে রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে (মোস্তাক) নিয়ে কক্সবাজার শহরের উত্তর লারপাড়া এলাকায় অভিযান চালায় চকরিয়া থানার পুলিশ। নাছির উদ্দিন আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টাব্যাপী ওই বন্দুকযুদ্ধে দুই পক্ষের মধ্যে অর্ধশত গুলি বিনিময় হয়। ওই সময় মোস্তাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর বাঁ পায়ে গুলি লাগে।
পুলিশ জানায়, এ ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সাহা, কনস্টেবল রনি আলম, মো. সেলিম ও মো. হোছাইন আহত হন।
তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল, চকরিয়া) মো. খালেদ-উজ-জামান বলেন, অস্ত্র উদ্ধার ও পুলিশ আহত হওয়ার ঘটনায় চকরিয়া থানার এসআই কক্সবাজার মডেল থানায় দুটি মামলা করেছেন।