ইয়াবা বড়ি সেবন এএসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি সেবনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে ফয়সাল আহমেদ নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গতকাল সোমবার সকালে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, গত রোববার বিকেলে সদর উপজেলার কালীনগর মরা পাগলা এলাকায় সঙ্গীদের সঙ্গে ইয়াবা বড়ি সেবনের সময় স্থানীয় গ্রাম পুলিশের দল ফয়সালকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, এএসআই ফয়সাল এর আগে সদর থানায় কর্মরত ছিলেন। মাদকসেবীদের সঙ্গে মেলামেশা ও মাদক সেবনের অভিযোগে পাঁচ দিন আগে তাঁকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। এ সময় তিনি এক সপ্তাহের ছুটিতেও ছিলেন। ছুটি শেষে গত রোববার ছিল তাঁর যোগদানের দিন। কিন্তু তিনি ওই দিন যোগদান করেননি ও মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।