ইয়াবা মামলার আসামি এবার উপদেষ্টা সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই ইয়াবা মামলার পলাতক আসামি আবদু শুক্কুর এবার কক্সবাজার থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা কিনে নিজে ‘উপদেষ্টা সম্পাদক’ বনে গেলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আবদু শুক্কুর ২১ জানুয়ারি স্থানীয় দৈনিক কক্সবাজার বাণী পত্রিকাটি কিনে নেন। গতকাল বৃহস্পতিবার এই পত্রিকার প্রথম পাতায় ‘ইয়াবা ও অপরাধ সাম্রাজ্যে এক আব্দুল কুদ্দুস রানা’ শিরোনামে প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।
২১ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘ইয়াবা ব্যবসায় দুই দেশের ভিআইপিরা’ এবং ‘পলাতক আসামির বিরল সম্মান’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিবেদকের নামে এই সাজানো প্রতিবেদন প্রকাশ করা হলো। পুলিশ ও বিজিবির প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম আলো ওই প্রতিবেদন প্রকাশ করে। সরকারের কাছে দেওয়া বিজিবির প্রতিবেদনে সাংসদ আবদুর রহমান বদি ও আবদু শুক্কুরসহ তাঁর পাঁচ ভাইকে ‘ইয়াবা গডফাদার’ হিসেবে অভিযুক্ত করা হয়।
জানতে চাইলে পত্রিকাটির সম্পাদক ফরিদুল মোস্তফা খান বলেন, ‘আবদু শুক্কুর ২১ লাখ টাকায় পত্রিকাটি কিনে নিয়েছেন। তিনি আমাদের উপদেষ্টা সম্পাদক। প্রথম আলোতে সাংসদ বদি ও শুক্কুরের বিরুদ্ধে ইয়াবা এবং হলফনামা নিয়ে লেখালেখি হয়েছে। এখন দুদক বদির সম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে। তাই তাঁরাও প্রথম আলোর প্রতিবেদকের বিরুদ্ধে লেখালেখি করছেন। এতে আমার করার কিছু নেই। টাকার দরকার ছিল বলে পত্রিকাটি শুক্কুরের কাছে বিক্রি করে দিয়েছি।’
টেকনাফ থানায় বিজিবির করা ইয়াবা মামলার পলাতক আসামি এই আবদু শুক্কুর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। একটি বাণিজ্য প্রতিনিধিদলের সদস্য হিসেবে আজ ২৪ জানুয়ারি শুক্কুরের মিয়ানমার সফরের কথা ছিল। কিন্তু ‘পলাতক আসামির বিরল সম্মান’ শীর্ষক সংবাদ প্রকাশের পর প্রতিনিধিদল থেকে শুক্কুরের নাম বাদ পড়েছে বলে জানা যায়।
ইয়াবা মামলার পলাতক আসামি কী করে দৈনিক পত্রিকার উপদেষ্টা সম্পাদক হয়ে গেলেন, এ প্রশ্ন করা হলে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তা ছাড়া সাংবাদিক ছাড়া অন্য কেউ তো পত্রিকার সম্পাদক, উপদেষ্টা সম্পাদক হতে পারেন না। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা চালান মামলার পলাতক আসামি আবদু শুক্কুর কী করে একটি দৈনিক পত্রিকার উপদেষ্টা সম্পাদক হলেন, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পত্রিকাটির অপসাংবাদিকতার বিরুদ্ধে জেলার সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।