কক্সবাজারের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন প্রার্থী। প্রচারণাও তুঙ্গে। অন্য ভোটারদের পাশাপাশি প্রার্থীদের বিশেষ নজর তরুণদের দিকে। তরুণ ভোটাররাও প্রার্থীদের কাছে জানাচ্ছেন তাঁদের চাওয়া-পাওয়া।
তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের মূল দাবি ইয়াবামুক্ত কক্সবাজার গড়ে তোলা। এ ছাড়া তাঁরা চান শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও এলাকার অবকাঠামোগত উন্নয়ন। আবার বেশির ভাগ তরুণের চাওয়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার চারটি আসনে হালনাগাদ ভোটার সংখ্যা ১৩ লাখ ৬৮ হাজার ৩৮২ জন। ২০০৮ সালের নির্বাচনে ভোটার ছিল ১০ লাখ ৬৯ হাজার ৩১০ জন। এই হিসাবে গত ১০ বছরে জেলায় ভোটার বেড়েছে ২ লাখ ৯৯ হাজার ৭২ জন। এর মধ্যে ৯৭ শতাংশ ভোটার কলেজ ও বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দুর্গম গ্রাম ছনখোলা। ৩৪ হাজার মানুষের এই গ্রামে যাতায়াতের একটি পাকা সড়কও নেই। বর্ষা মৌসুমে খুরুশকুল-ছনখোলা ইটের সড়কটি অচল পড়ে থাকে। এই গ্রামের ভোটার সাদ্দাম হোসেন (২৩) প্রথম আলোকে বলেন, গত ১০ বছরে এ গ্রামের কোনো উন্নয়নই হয়নি। তাই দেখেশুনে তিনি জীবনের প্রথম ভোট দেবেন। সাদ্দাম পড়ছেন কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তরে।
টেকনাফ পৌরসভার আউলিয়াবাদ গ্রামের ভোটার আবদুর রহিম (২৩) বলেন, তিনিও জীবনের প্রথম ভোটটি যোগ্য একজন প্রার্থীকে দিতে চান। যাঁর হাতে টেকনাফ মাদকমুক্ত অঞ্চল হবে, এলাকার উন্নয়ন হবে।
কক্সবাজার শহরের গোলদীঘি এলাকার কলেজছাত্রী শিউলি চৌধুরী বলেন, ‘ইয়াবার পৃষ্ঠপোষকদের আমরা না বলছি। কারণ তারাই দেশের যুবসমাজকে ধ্বংস করছে। তবে মুক্তিযুদ্ধের চেতনার সরকার যেন ক্ষমতায় আসে সেদিকেও খেয়াল রাখছি।’
শহরের বাহারছড়ার কলেজছাত্রী ফারিয়াল মৌমিতা বলেন, ‘সংঘাত নয়, শান্তিপূর্ণ পরিবেশে আমরা ভোট দিতে চাই। কিন্তু কিছু প্রার্থীর আচরণ দেখে আমরা হতাশ হচ্ছি। জীবনের প্রথম ভোটটি এমন কাউকে দিতে চাই না—যিনি ক্ষমতা গিয়ে সংখ্যালঘুদের নির্যাতন করবেন, মাদকের পৃষ্ঠপোষকতা করবেন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন ভোটারদের উচ্ছ্বাস যেমন আছে, তেমনি আছে শঙ্কাও। ভোটের দিনের পরিবেশ নিয়ে চিন্তায় আছেন অনেকে।
উখিয়ার নাসরিন জাহান এবার নতুন ভোটার হয়েছেন। থাকেন কক্সবাজার শহরে। পড়েন কক্সবাজার সরকারি মহিলা কলেজে । তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট নিয়ে উত্তেজনায় আছি। তবে কেন্দ্রে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারব কি না, সেই আতঙ্কেও ভুগছি। কারণ একজন প্রার্থী কেন্দ্রটি দখলের প্রস্তুতি নিচ্ছেন। আরেকজন প্রার্থী প্রতিরোধের হুমকি দিচ্ছেন।’
চকরিয়ার ভোটার মইনুল হোসেন (২৩) বলেন, প্রায় প্রতিদিন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও গুলিবর্ষণ হচ্ছে। নিরাপদ ও নির্ভরযোগ্য প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছে।
মহেশখালীর অনেক তরুণ ভোটার এলাকার ভাঙা বেড়িবাঁধ মেরামত ও সড়ক সংস্কারের দাবি জানান। গোরকঘাটার ভোটার সৈয়দ আলম (২১) বলেন, ১০ বছর ধরে মহেশখালীর কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা। উপজেলার প্রধান তিনটি সড়কেরও বেহাল দশা। এসব সংস্কার জরুরি।
কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, নির্বাচনে জিততে প্রার্থীদের প্রায় ৩ লাখ তরুণ ভোটারের আস্থা অর্জন করতে হবে। তাঁরা রাজনীতির গুণগত মানের পরিবর্তন চান। এ জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহার যাচাই করছেন তাঁরা।