ইয়াবার কারণে সারা দেশে বদনাম টেকনাফবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা উপলক্ষে কক্সবাজারের টেকনাফে গণস্বাক্ষর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা হয়।
‘বিজয়ের অঙ্গীকার মাদকাসক্তি পরিহার, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’ স্লোগান সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ওই আলোচনা সভা হয়। ইউএনও মো. শফিউল আলমের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম, টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার, সহকারী কমিশনার ভূমি জাহিদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির লোকজন শোভযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
জাফর আহমদ বলেন, ‘কিছুসংখ্যক ইয়াবা ব্যবসায়ীর কারণে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি ও জনপ্রতিনিধিসহ পুরো টেকনাফবাসীর বদনাম হচ্ছে সারা দেশে। এমনকি পর্যটন এলাকা হিসেবে টেকনাফ যে পরিচিতি লাভ করেছিল, সেটুকু ধ্বংস করেছে মরণ নেশা ইয়াবা। এটা আমাদের পর্যটন বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, লাখ লাখ ইয়াবা মূলত বঙ্গোপসাগর দিয়ে পাচার হচ্ছে। কিন্তু বদনাম হচ্ছে টেকনাফের। কক্সবাজার ও মহেশখালী চ্যানেলে সাগরে তল্লাশিচৌকি স্থাপন করা হলে মিয়ানমার থেকে ইয়াবা পাচার বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।