ইয়াবার ট্রানজিট চট্টগ্রাম ১০ মাসে ৪৪ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে টেকনাফ হয়ে নানা কৌশলে প্রতিদিন চট্টগ্রামে ঢুকছে নিষিদ্ধ ইয়াবা বড়ি। ইয়াবা পাচারকারী চক্র চট্টগ্রামকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ চক্রে বেশ কিছু নারী সদস্যও রয়েছেন। মিষ্টিকুমড়া, কাঁঠাল, পেঁপে, টর্চলাইট, মোবাইল চার্জার, আবার কখনো শরীরের সঙ্গে বেঁধে অভিনব কায়দায় ইয়াবা পাচার করা হচ্ছে।পুলিশ সূত্র জানায়, ৩ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে দেড় হাজার ইয়াবা বড়ি বের করা হয়। সাম্প্রতিক সময়ে এটাই আটক হওয়া সবচেয়ে বড় চালান। এ ছাড়া গত ১০ মাসে অন্তত ছয় হাজার বড়ি উদ্ধার করা হয়। এসব ঘটনায় নগরের থানাগুলোয় প্রায় ৪৪টি মামলা হয়।পুলিশ সূত্র জানায়, বুলু মিয়া নামের (৪৫) এক ব্যক্তি ২ নভেম্বর পেটে ব্যথা নিয়ে নগরের সিএসসিআর ক্লিনিকে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরদিন ৩ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করে সাত ইঞ্চি লম্বা টেপে মোড়ানো দেড় হাজার ইয়াবা বড়ি বের করা হয়। ক্লিনিকে ভর্তির সময় বুলু কক্সবাজারের চকরিয়া বলে তাঁর ঠিকানা উল্লেখ করেন। বুলুর এক সঙ্গী সাইফুল ইসলাম তাঁকে ক্লিনিকে ভর্তি করান।বুলুর পেট থেকে ইয়াবা বড়ি বের করার ঘটনায় সিএসসিআর ক্লিনিকের চিকিৎসক নাদিম আহমেদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। বুলু মিয়া রোহিঙ্গা ও ইয়াবা পাচারকারী দলের সদস্য বলে পুলিশের তদন্তে জানা গেছে।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রতি মাসে ইয়াবা বড়ি আটক হয়। তবে এ কায়দায় ইয়াবা পাচার হতে আমরা শুনিনি। মনে হচ্ছে বুলু মিয়া ইয়াবা পাচারকারী দলের অন্যতম সদস্য। তাঁকে রোহিঙ্গা বলে মনে হচ্ছে।’ পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রতি মাসে গড়ে ইয়াবা বড়ির সাতটি চালান ধরা পড়ে। ইয়াবা পাচারকারীরা চট্টগ্রামকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। পাচারকারী চক্রে পুরুষের পাশাপাশি বেশকিছু নারী সদস্যও রয়েছে। এদের বেশির ভাগই রোহিঙ্গা অথবা কক্সবাজার এলাকার অধিবাসী। তারা প্রতিটি বড়ি ২০০-৫০০ টাকা দরে বিক্রি করে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (মহানগর ও গোয়েন্দা) মো. শওকতুল ইসলাম বলেন, ‘ইয়াবার প্রধান রুট মিয়ানমার-টেকনাফ হয়ে চট্টগ্রাম। পরে চট্টগ্রাম থেকে এই ইয়াবা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। পাচারকারীরা শরীরে বেঁধে, টর্চলাইট কিংবা মোবাইল ফোনের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে ওঠে। মাঝেমধ্যে মিষ্টিকুমড়া, পেঁপে ও কাঁঠাল কেটে কৌশলে ইয়াবা পাচার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ৪ অক্টোবর সাগরিকা এলাকা থেকে ১২০টি ইয়াবাসহ মুজাম্মেল হক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর পায়ের সঙ্গে বাঁধা অবস্থায় এগুলো পাওয়া যায়। এর তিন দিন আগে ১ অক্টোবর অলঙ্কার মোড় থেকে এক হাজার ইয়াবা বড়িসহ মুজিবুর রহমান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।পাঁচ মাস আগে নগরের শপিং কমপ্লেক্স এলাকা থেকে ইয়াবাসহ বিউটি রানী নামে এক মডেলকে গ্রেপ্তার করা হয়। তিনি পেটের নিচে শাড়ির ভেতর বিশেষ কায়দায় এ ইয়াবা লুকিয়ে রেখেছিলেন।