ইয়াবার থাবায় বরগুনার তরুণ-কিশোরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরে মাদকাসক্ত তরুণ ও কিশোর-কিশোরীর সংখ্যা বাড়ছে। শহরের বিভিন্ন স্থানে গাঁজা ও হেরোইনের পাশাপাশি দেদার বিক্রি হচ্ছে ইয়াবা বড়ি। এর মধ্যে ইয়াবা বড়ি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এতে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন। অনুসন্ধানে জানা গেছে, বরগুনা শহরে ইয়াবা বড়ি বাবা হিসেবে পরিচিত। শহরের তরুণ ও বিদ্যালয়গামী কিশোর-কিশোরীরাও ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। কয়েকজন তরুণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা সেবন করলে দীর্ঘসময় ধরে নিজেকে কর্মক্ষম (এনার্জেটিক) ও চনমনে (সঞ্চার্ট) লাগে। এ ছাড়া অন্য নেশাদ্রব্যের চেয়ে এটা সহজলভ্য এবং এটি সেবন করলে বাহ্যিক (চোখ লাল হয়ে যাওয়া কিংবা মুখ শুকিয়ে যাওয়া) কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না। শহরের এক শিক্ষক পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘আমার ছেলে এবার এসএসসি পাস করেছে। কখন যে ছেলে মরণ নেশায় আসক্ত হয়ে গেছে, টের পাইনি। এখন সে অনেকটা বিকারগ্রস্ত। নেশার টাকার জন্য ঘরের মালামাল তছনছ করে এবং পরিবারের সবাইকে মারধর পর্যন্ত করে।’ মাদক নিয়ে সমীক্ষা: বরিশালের একমাত্র মাদক নিরাময় কেন্দ্র হলিকেয়ারের ২০১১ সালে পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, বরগুনা শহরে ১৮ থেকে ২২ শতাংশ তরুণ বর্তমানে কোনো না কোনো মাদক সেবন করে। এর মধ্যে অধিকাংশই ইয়াবায় আসক্ত। এদের বেশির ভাগের বয়স ১৫ থেকে ২৬ বছরের মধ্যে। ওই সমীক্ষায় আরও উল্লেখ করা হয়েছে, ২০০৯-১০ সালে বরগুনা শহরে মাদকাসক্ত হয়ে চার তরুণ মারা গেছে। বর্তমানে গুরুতর অসুস্থ ১১ জন এবং মানসিক বিকৃতি ঘটেছে ১৭ জনের। মাদক ব্যবসায় জড়িত যারা: বরগুনা শহরের কয়েকজন মাদক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বরগুনা শহরে কমপক্ষে আটজন ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলের ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে শহরের কলেজ রোড এলাকায় এক হোটেলমালিকের ছেলে, শহরের চরকলোনি এলাকায় জেলা ছাত্রদলের এক প্রভাবশালী নেতা, সদর রোডে রোজী মহল এলাকায় এক জুতা ব্যবসায়ীর ছেলে, আমতলাপাড় এলাকায় এক ঠিকাদারের দুই ছেলে, লাকুরতলা এলাকায় শহরের এক ব্যবসায়ীর ছেলে, কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ী ও সদর উপজেলার কাঁঠালতলী গ্রামের এক ব্যক্তি। এদের মধ্যে চারজন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়। মাদকের পথ: ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনার বাসে করে সরাসরি এসব মাদকদ্রব্যের চালান বামনা, পাথরঘাটার কাকচিঁড়া ও ডৌয়াতলা বাসস্ট্যান্ডে এনে খালাস করা হয়। পরে মোটরসাইকেলে করে বাইনচটকি ফেরি হয়ে বরগুনা শহরে আসে। প্রতিবার ১০-১২ হাজার ইয়াবা বড়ির চালান বরগুনায় আনা হয়।মাদক বিক্রির স্থান: সরেজমিনে গিয়ে জানা গেছে, শহরের রংধনু ক্লিনিক এলাকা, উপজেলা পরিষদের পেছনে দিঘিরপাড়, ডিকেপি রোডের কেজি স্কুল মোড় ও কেজি স্কুলের ভেতরের রাস্তা, কলেজ রোড, চরকলোনি বাসস্ট্যান্ড, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, কাঠপট্টি রোডের পশ্চিম মাথা, লাকুতলা বাঁধ, লাকুতলা সেতু, শহরতলির ইটবাড়িয়াসহ একাধিক স্থানে ইয়াবা বিক্রি হয়। র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের কর্মকর্তারা জানান, ২০১১ সালে বরগুনা ও পটুয়াখালী জেলায় অভিযান চালিয়ে এক হাজার ১৫৪টি ইয়াবা বড়ি, দুই হাজার ৩২৯টি ফেনসিডিলের বোতল, ১২৭ কেজি গাঁজা ও ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বরগুনা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন শাহিন খান জানান, মূলত ইয়াবা একটি যৌন উত্তেজক বড়ি। দীর্ঘদিন এই বড়ি সেবন করলে সেবনকারীর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং স্নায়বিক বৈকল্য দেখা দেয়। এই বড়ি সেবনে সাময়িক যৌন উত্তেজনা বাড়লেও দীর্ঘমেয়াদে যৌনক্ষমতা শেষ হয়ে যায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপসহকারী পরিদর্শক সফিকুর রহমান বলেন, ‘গত বছর আমরা শহরে ৪৬টি অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ উদ্ধার করি। এ সময় দুই নারীসহ ২১ জনকে আটক করি। তবে ইয়াবা বা অন্য কোনো মাদকের চালান ধরা পড়েনি। জনবল সংকটের কারণে সব সময় মাদকবিরোধী অভিযান চালানো সম্ভব হয় না।’