ইয়াবাসহ আটক পুলিশ কর্মকর্তা রিমান্ডে

ফেনীতে ইয়াবা বড়িসহ ধরা পড়া পুলিশ কর্মকর্তার তিন দিনের ও তাঁর গাড়িচালকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই পুলিশ কর্মকর্তার কর্মস্থল রাজধানীতে। তিনি পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান। আর তাঁর গাড়িচালকের নাম জাবেদ আলী।
আজ সোমবার দুপুরে ফেনী থানা-পুলিশ এ দুজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী ওই রিমান্ড আদেশ দেন।
গত শনিবার রাতে ২৭ কোটি টাকা মূল্যের প্রায় সাত লাখ ইয়াবা বড়িসহ ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় র্যাব সদস্যদের হাতে আটক হন এই পুলিশ কর্মকর্তা। আটকের পর তাঁর নোটবুক থেকে ইয়াবা ব্যবসায় জড়িত ১৪ জনের নাম এবং তাঁদের সঙ্গে লেনদেনের ২৮ কোটি ৪৪ লাখ ১৩ হাজার টাকার তথ্য পাওয়া গেছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
ইয়াবা পাচারের বাহক পুলিশ!
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, গতকাল (রোববার) রাত ১১টার দিকে র্যাব-৭ ফেনী ক্যাম্প থেকে এ দুজনকে ফেনী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় র্যাবের ডিএডি মনির হোসেন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান তদন্ত করবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুর এলাকায় একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাহফুজুর রহমানের ব্যবহৃত ‘এলিয়ন’ গাড়িটি। পরে র্যাব ধাওয়া দিয়ে চালকসহ তাঁকে আটক করে। ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি ছাড়াও তাঁকে বহনকারী গাড়ি থেকে মাদক বিক্রির সাত লাখ টাকা, চারটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। মাহফুজুর কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন।