ইয়াবাসহ আটক ব্যক্তিদের ছেড়ে দিল র্যাব
পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের হুমকির মুখে ইয়াবা বড়িসহ আটক দুই পরিবহন ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক হওয়া অপর পরিবহন ব্যবসায়ীকেও ছেড়ে দেওয়া হয়েছে। মামলা দেওয়া হয়েছে পল্লব সাহা নামের এক ব্যক্তির বিরুদ্ধে।এ প্রসঙ্গে জানতে চাইলে র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার পল্লব সাহাকে ইয়াবাসহ আটক করে র্যাব। পরে তারা জানতে পারে, পরিবহন ব্যবসায়ী আক্তারুজ্জামান ও দীপক কুমার সরকার ওরফে পীযূষ ইয়াবা এনে পল্লব সাহার মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এরপর র্যাব ক্রেতা সেজে টাঙ্গাইল বাসকোচ মালিক সমিতির সাবেক সহসভাপতি আক্তারুজ্জামানের গাড়ি থেকে তাঁকে ও অপর পরিবহন ব্যবসায়ী দীপক কুমার সরকারকে ৫৯০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় র্যাবের কাজে বাধা দেওয়ায় আক্তারুজ্জামানের আত্মীয় অপর পরিবহন ব্যবসায়ী নুরুল ইসলামকেও আটক করা হয়।