ইয়াবাসহ আটকের পর ঘুষ নিয়ে ছেড়ে দিল পুলিশ!
গাজীপুর সদর উপজেলার দক্ষিণ পানিশাইল এলাকা থেকে গত শুক্রবার রাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরে তাঁকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এলাকাবাসী জানান, জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটন শুক্রবার রাতে দক্ষিণ পানিশাইল এলাকা থেকে স্থানীয় জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে তাঁর শরীর তল্লাশি চালিয়ে ৫০টির বেশি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এরপর জয়নালকে ওই পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তবে গতকাল শনিবার সকালে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায় তাঁর স্বজনেরা। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে জয়নালকে ছেড়ে দিয়েছে। এসআই ইকবাল হোসেন জয়নালকে আটকের কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, জয়নালের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।