ইয়াবাসহ গুলিবিদ্ধ ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাইপাস এলাকা থেকে ডিবি পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফের ইয়াবা ব্যবসায়ী মো. আয়ুবকে (২৫) আটক করেছে। এ সময় এক হাজার ৪০০টি ইয়াবা বড়ি, একটি এলজি ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আয়ুব টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মো. রশিদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে মো. আয়ুবকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনজুর আলম বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ইয়াবার চালান উদ্ধার করার জন্য ডিবি পুলিশের একটি দল শহরের বাইপাস সড়কে উত্তরণ হাউসিংসংলগ্ন এলাকায় গেলে ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ফাঁকা কার্তুজ ফায়ার করে। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পার্শ্ববর্তী পাহাড়ে আত্মগোপন করেন। এ সময় অভিযান চালিয়ে ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় মো. আয়ুবকে আটক করা হয়। গতকাল সকালে আয়ুবকে প্রধান আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদকদ্রব্য ও পুলিশ আক্রান্ত আইনে পৃথক তিনটি মামলা করা হয়।