ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে পুলিশ সোর্স কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার পুলিশ সোর্স মোহাম্মদ শাহীন (বাম থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার পুলিশ সোর্স মোহাম্মদ শাহীন (বাম থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ মোহাম্মদ শাহীন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে পরিচিত।

গ্রেপ্তার শাহীন সীতাকুণ্ড পৌর সদরের পূর্ব আমিরাবাদ গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে। শাহীনের সঙ্গে আলমগীর হোসেন (২৫) নামের তাঁর আরেক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গতকাল রোববার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

এসআই শওকত হোসেন বলেন, শাহীন পুলিশের সঙ্গে থেকে পুলিশকে সহযোগিতা করতেন। সীতাকুণ্ডে ডাকাতি ও ইয়াবা কেনাবেচার সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। শাহীন নিজেও ইয়াবাসেবী। তাঁকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় বিভিন্ন স্থানে অভিযানও চালায় পুলিশ। পরে সীতাকুণ্ড পৌর সদরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শাহীন ও তাঁর সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই টিবলু কুমার মজুমদার বলেন, আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছেন। তাঁদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়নি।