ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার বিতর্কিত বিনোদনকেন্দ্র কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব ও পার্কের চেয়ারম্যান এবং একজন নারীসহ চার ব্যক্তিকে গত সোমবার রাতে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন অ্যামিউজমেন্ট ক্লাব ও পার্কের চেয়ারম্যান জি এম সরওয়ার (৫০), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার দেলোয়ার হোসেন (৫০) ও যাত্রাবাড়ীর কাজী জামাল (৪৮)। এছাড়া গ্রেফতার হওয়া নারী একজন কথিত চিত্রনায়িকা বলে জানা গেছে। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার সূত্রাপুরে।র্যাব-৭-এর কক্সবাজার কার্যালয়ের ইনচার্জ ক্যাপ্টেন সিরাজ জানান, মাদকদ্রব্যবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাবের একটি দল রাত তিনটার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার বে ভিউ হোটেলে অভিযান চালায়। হোটেলের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে ৩২টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাঁরা ইয়াবা সেবন করছিলেন।কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, এ ঘটনায় র্যাবের উপপরিদর্শক (এসআই) রতন দেবনাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলে পাঠানো হয়েছে।কথিত ওই চিত্রনায়িকা এক জবানের জমিদার, হেরে গেলেন এইবার ও যেমন জামাই তেমন বউ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন।