ইয়াবাসহ বর্তমান ও সাবেক দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে ইয়াবা বড়িসহ বর্তমান ও সাবেক দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নিশান চাকমা (৪৫) ও সুকৃতি চাকমা (৩৮)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের আগ্রাবাদ এলাকার হক টাওয়ারের তৃতীয় তলা থেকে দুজনকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা-পুলিশ। এঁদের মধ্যে সুকৃতি চাকমা ছয় মাস আগে বাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন। নিশান চাকমা সাতকানিয়ার ঢেমশা তদন্তকেন্দ্রে কর্মরত।
ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এক হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার দুজনকে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, ঢেমশা তদন্তকেন্দ্রের কনস্টেবল নিশান চাকমা ১১ এপ্রিল থেকে ১০ দিনের ছুটিতে রয়েছেন। ছুটিতে গিয়ে কেন ইয়াবাসহ গ্রেপ্তার হলেন, তা অনুসন্ধান করে দেখা হবে।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (গণমাধ্যম) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, বিভিন্ন অপরাধে জড়ানোর কারণে কনস্টেবল সুকৃতি চাকমা ছয় মাস আগে চাকরিচ্যুত হয়েছেন। মামলার অনুলিপি পাওয়ার পর কনস্টেবল নিশান চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।