ইয়াবায় ঝোঁক বাড়ছে
বরিশাল নগরে মাদকসেবীদের মধ্যে ইয়াবার ব্যবহার বেড়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিরাময়কেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে। বরিশালের হলি কেয়ার মাদক নিরাময়কেন্দ্রের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি এ নিরাময়কেন্দ্রে আসা রোগীদের মধ্যে ইয়াবা সেবনকারীদের সংখ্যা আগের তুলনায় বেশি। গত বছর মোট রোগীর মধ্যে ইয়াবা সেবনকারীর সংখ্যা আনুমানিক ২৫ শতাংশ। এর আগের বছরগুলোতে ইয়াবায় আসক্ত রোগীর সংখ্যা ছিল ১০ শতাংশ বা তারও কম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার তপন কুমার সাহা বলেন, ইদানীং ইয়াবা সেবনকারীর সংখ্যা বাড়ছে। ইয়াবায় এক ধরনের অতিরিক্ত উত্তেজক পদার্থ (এম্পেটামিন প্লাস) থাকায় সেবনে ভয়াবহ আকার ধারণ করে। এর ফলে স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং বুদ্ধিমত্তা লোপ পায়। সেবনকারী নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। উচ্চরক্তচাপের সৃষ্টি হয়। এ কারণে হূদ্যন্ত্রের সমস্যা হয়। অতিরিক্ত সেবনকারীদের চিকিৎসা দেওয়াও কঠিন হয়ে পড়ে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গত দুই বছর বরিশাল নগরে মাদকসেবীদের মধ্যে গাঁজা, ফেনসিডিল ও হেরোইনের তুলনায় ইয়াবার ব্যবহার তুলনামূলকভাবে বেড়েছে। ফেনসিডিলের দাম বৃদ্ধি পাওয়ায় ইয়াবা সেবনের প্রবণতা বেড়েছে। ইয়াবা আকারে ছোট হওয়ায় সহজে বহন করা যায়। এ কারণে বিভিন্ন অভিযানে অন্য মাদকের তুলনায় ইয়াবা খুব অল্প পরিমাণে উদ্ধার করা সম্ভব হয়।নাম প্রকাশ না করার শর্তে নগরের আলেকান্দা এলাকার এক ইয়াবা সেবনকারী ও বিক্রেতা (২৫) বলেন, একসময় তিনি ফেনসিডিল সেবন করতেন। প্রায় এক বছর ধরে তিনি বন্ধুদের প্ররোচনায় ইয়াবা সেবন করতে শুরু করেন। ইয়াবা আকারে অনেক ছোট হওয়ায় খুব সহজে বহন করা যায়। এতে আইনশঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার ভয় কম। তিনি নিজে তাঁর বন্ধুদের মধ্যে ইয়াবা বিক্রিও করতে পারছেন। তিনি জানান, যাঁরা ইয়াবা সেবন করেন, তাঁরা এগুলো বিক্রির সঙ্গেও জড়িত। বরিশালে ‘বাবা’ ও ‘চম্পা’ নামে ইয়াবার দুটি সাংকেতিক নাম রয়েছে। নগরের কয়েকটি এলাকার বস্তিতে, বরিশাল কলেজের মোড়, ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকা, কেডিসি এলাকা ভাটিসানা, স্বরোদ, সাগরদী ফকিরবাড়ী ও পার্টরোড এলাকায় ইয়াবা বেচাকেনা হয়। বর্তমানে মিয়ানমারের তৈরি ইয়াবা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। ফেনসিডিলের দাম বেড়ে যাওয়ায় তাঁর মাদকসেবী বন্ধুদের সবাই এখন ইয়াবা সেবন ও বিক্রি করেন। নাম প্রকাশ না করার শর্তে বিএম কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকার বেশ কয়েকজন ইয়াবাসেবীও একই কথা বলেন।দীর্ঘদিন ধরে বরিশাল নগরে মাদক নিরাময় নিয়ে কাজ করেছেন বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি। সংস্থাটির নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন বলেন, নগরে মাদকের ব্যবহার ভয়াবহ এবং মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ফেনসিডিলের দাম বেড়ে যাওয়ায় মাদকসেবীদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। নগরের চাঁদমারী, বরফকল, বালুরমাঠ ও মেডিকেল কলেজ এলাকায় নারী বিক্রেতার সংখ্যাও দিন দিন বাড়ছে। মাদকসেবীদের মধ্যে ইয়াবা সেবনের প্রবণতা বাড়ার কথা স্বীকার করে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময়ে অধিদপ্তরের অভিযানে মদ, গাঁজা ও ফেনসিডিল উদ্ধারের তুলনায় ইয়াবা উদ্ধারের পরিমাণ খুবই কম। আকারে খুব ছোট হওয়ায় ম্যাচের বাক্সে বা অন্য ওষুধের সঙ্গে পরিবহন করায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে ইয়াবা।