ইয়ারফোনে গান শুনতে শুনতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানে ইয়ারফোন লাগিয়ে রাতে গান শুনছিলেন অর্ঘ্য কমল রায় (২৪)। ঘুমিয়েও পড়েন ওই অবস্থায়। পরদিন সকালে ঘরে গিয়ে মা দেখেন, বিছানায় তাঁর ছেলের নিস্তেজ দেহ পড়ে আছে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্যকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কলাদী এলাকার বাসিন্দা অর্ঘ্য ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম সুশীল কুমার রায়।
সুশীল কুমার বলেন, অর্ঘ্য কয়েক দিন আগে ঢাকা থেকে বাসায় আসে। শুক্রবার রাত ১১টায় খাবার খেয়ে কিছুক্ষণ কম্পিউটারে কাজ করে। ওই রাতে অর্ঘ্য ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। রাত দুইটার দিকে সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এ সময় অর্ঘ্যের শোবার ঘরের দরজা খোলা ছিল। ঠিক কী কারণে তাঁর ছেলে মারা গেল, তা তিনি বলতে পারছেন না।
তিনি আরও বলেন, তাঁর ছেলে মেধাবী ছাত্র ছিল। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। ছেলের এমন মৃত্যু তিনি ও তাঁর পরিবার কিছুতেই মেনে নিতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, অর্ঘ্যের শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। স্ট্রোকের কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কানের কাছে মুঠোফোন চেপে একনাগাড়ে অনেকক্ষণ কথা বললে মাথা ঝিমঝিম করে। কানে ইয়ারফোন লাগিয়ে অনেকক্ষণ গান শোনায় তাঁর মস্তিষ্কের স্নায়ুগুলো উত্তেজিত হয়ে স্ট্রোকের ঘটনা ঘটাতে পারে।