ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ১৭তম বার্ষিকী পালন
দিনাজপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল শুক্রবার কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ১৭তম বার্ষিকী পালন করেছে। মহিলা পরিষদসহ নারীবাদী সংগঠনগুলো দিবসটি ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করেছে।বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, বেসরকারি সংস্থা মহিলা বহুমুখী সমিতি (এমবিএসকে), পল্লীশ্রী, কমিউনিটি ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), এসসিডিএল ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে শহরের শহীদ জাহাঙ্গীর গোরস্থানে ইয়াসমিনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। বিকেলে আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রামনগর এলাকার শরিফা বেগমের মেয়ে ইয়াসমিন ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেয়। ঢাকা থেকে সরাসরি বাসের টিকিট না পেয়ে সে ঠাকুরগাঁওগামী অপর একটি বাসে ওঠে। পরদিন ভোরে ওই বাসের সুপারভাইজার দিনাজপুরের দশমাইল মোড়ে একজন দোকানদারের জিম্মায় ইয়াসমিনকে দিনাজপুরগামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য তাকে নামিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে কোতোয়ালি পুলিশের টহল দল এসে ইয়াসমিনকে শহরের রামনগরে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পিকআপে তুলে নেয়। কিন্তু পুলিশ সদস্যরা পথে ইয়াসমিনকে ধর্ষণ শেষে হত্যা করেন। সকালে দিনাজপুর দশমাইল মহাসড়কের ধারে ব্র্যাক কার্যালয়ের সামনে ইয়াসমিনের লাশ পাওয়া যায়।