ইয়াসমিনের স্বজনের খোঁজে এগিয়ে এলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াসমিন আকতারের স্বজনকে খুঁজে বের করতে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) প্রিয়তোষ সাহা সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। এ সময় ম্যাজিস্ট্রেট বজলুর রশিদ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইয়াসমিনের সব কথা ও চিত্র তুলে ধরেন।প্রায় ছয় বছর আগে লঞ্চ দুর্ঘটনায় বাবা-মাসহ স্মৃতিহারা হয় ইয়াসমিন। এখন সে স্মৃতি ফিরে পেয়ে সবকিছু বলতে পারলেও শুধু বলতে পারছে না তার বাড়ির ঠিকানা। এ নিয়ে প্রথম আলোতে গত ২৫ জানুয়ারি ভেতরের পাতায় ও ১৮ ফেব্রুয়ারি ছুটির দিনে সংবাদ ছাপা হয়।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিসি প্রিয়তোষ সাহা। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেবুন্নেসা বেগম, এনজিও কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আলম পলাশ প্রমুখ। প্রিয়তোষ সাহা বলেন, সবার আগে ইয়াসমিনকে তার স্বজনের কাছে ফিরিয়ে দিতে হবে। এ জন্য যত টাকা খরচ হবে, তা জেলা প্রশাসন দেবে। ইতিমধ্যে প্রশাসনের একটি দলও কাজ শুরু করেছে। এ সময় ডিসি জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারকে এগিয়ে আসার নির্দেশ দেন। এ ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রতিটি থানার ওসিকে তাঁদের চৌকিদার-দফাদারের সহায়তা নিতে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় সব সংবাদপত্রে ইয়াসমিনের পরিবারের খোঁজ দিতে ছবিসহ সংবাদ ও বিজ্ঞপ্তি দিতে অনুরোধ করা হয়। সেই সঙ্গে স্থানীয় বিভিন্ন এনজিওকে ঘরে ঘরে তাদের কার্যক্রমের পাশাপাশি ইয়াসমিনের পরিবারের খোঁজ নিতে পরামর্শ দেওয়া হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর বলেন, পুলিশ প্রশাসনও ইয়াসমিনের স্বজনের খোঁজে তৎপর রয়েছে।