ইয়াহিয়া ও তাঁর দুই সহযোগী মুখ খোলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের (হুজি) আমির হাফেজ ইয়াহিয়া ও তাঁর কথিত দুই সহযোগী বাহাউদ্দিন ও ইয়ার মোহাম্মদকে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা কেউই মুখ খোলেননি। পরে তাঁদের যৌথ জিজ্ঞাসাবাদ (টিএফআই) সেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে এই তথ্য দেন।শাহজাহান কবির বলেন, গত শুক্রবার আসামিদের কিশোরগঞ্জ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের ভৈরব থানায় নিয়ে এসে ওই দিন রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা কেউ মুখ খোলেননি। তাই আজ রোববার তাঁদের ঢাকার টিএফআই সেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের সদর দপ্তর থেকে ইয়াহিয়াসহ তিনজনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। একই রাতে র‌্যাব বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভৈরব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।র‌্যাবের দাবি অনুযায়ী, গত বুধবার রাত সোয়া দুইটায় ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের দাবি, ইয়াহিয়া আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলা এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বোমা পুঁতে রাখা মামলার আসামি।এদিকে গ্রেপ্তার হওয়া ইয়ার মোহাম্মদের পরিবারের দাবি, পাঁচ মাস আগে হাটহাজারী থেকে স্থানীয় জমি ব্যবসায়ী ইয়ার মোহাম্মদকে (৫০) অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। অপহূত ব্যক্তিকে উদ্ধার করতে সম্ভাব্য স্থানে পুলিশও তৎপরতা চালাচ্ছিল। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘হাটহাজারীতে অপহূত, পাঁচ মাস পর ভৈরবে জঙ্গি হিসেবে গ্রেপ্তার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।