ইয়াহিয়া ও তাঁর দুই সহযোগীর ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি
পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার হরকাতুল জিহাদের (হুজি) আমির হাফেজ ইয়াহিয়া ও তাঁর কথিত দুই সহযোগী বাহাউদ্দিন ও ইয়ার মোহাম্মদকে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়েছে।আদালতে হুজি নেতা ইয়াহিয়া ২১ আগস্ট হামলা এবং রমনা বটমূলে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, গত শুক্রবার আসামিদের কিশোরগঞ্জ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে আবারও তাঁদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, তাঁদের বিচারিক হাকিম বিল্লাল হোসাইনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে এবং রমনা বটমূলে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ছাড়া বোমা তৈরিতে জড়িত থাকা ও জঙ্গি অর্থের উৎস সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। এ সময় অপর দুই সহযোগী ইয়ার মোহাম্মদ ও বাহাউদ্দিনকে কোর্ট হাজতে রাখা হয়। জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।পুলিশ সূত্র জানায়, ইয়াহিয়া স্বীকার করেছেন, তিনি ১৯৮৬ সাল থেকে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, রাশিয়াসহ বিভিন্ন দেশে বোমা তৈরি ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। ১৯৯২ সালে দেশে ফিরে হরকাতুল জিহাদে যোগ দেন। ২০০০ সালে সংগঠনের আমির নিযুক্ত হন। তিনি দেশের বিভিন্ন স্থানে হুজির সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ প্রদানসহ গোপনে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।র্যাবের দাবি অনুযায়ী, গত বুধবার রাত সোয়া দুইটায় ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরের দিন বৃহস্পতিবার রাতে তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়। একই রাতে র্যাব বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভৈরব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।