ইয়েমেন থেকে আজ ফিরছেন আরও ১৩৬ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরছেন আরও ১৩৬ জন বাংলাদেশি। ইয়েমেন থেকে উদ্ধার হয়ে পাশের জিবুতিতে আশ্রয় নেওয়া এসব বাংলাদেশিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আনা হবে। খবর ইউএনবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশিদের বহনকারী উড়োজাহাজটি আজ রাত আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যায়।
বাংলাদেশি এই নাগরিকদের গত ১৫ এপ্রিল হোদেইদা থেকে ভারতের নৌবাহিনী উদ্ধার করে পরদিন জিবুতিতে পৌঁছে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের সেখানে থাকা-খাওয়া ও অন্যান্য ব্যবস্থা করা হয়।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইয়েমেনে সব মিলিয়ে ৭০০ থেকে ৮০০ বাংলাদেশির বেশি নেই। এর মধ্যে দেশে ফেরার জন্য ৫০৪ জন নিবন্ধন করেছেন।
ইয়েমেনে আটকেপড়া ১৪ জন নারী ও ১৩ শিশুসহ ৩৩৭ জন বাংলাদেশিকে গত রোববার ভারতের কেরালা থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।