ইয়েমেন থেকে আজ ফিরছেন ৩৩৭ জন
গৃহযুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেন থেকে আজ রোববার ৩৩৭ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে তাঁদের ভারতের কেরালার কোচিন থেকে ঢাকায় আনা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম ভোর সোয়া চারটা ও সাড়ে চারটায় বিমানের ফ্লাইটে ইয়েমেন ফেরত বাংলাদেশিদের স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
১১ এপ্রিল ইয়েমেন থেকে জিবুতি হয়ে প্রথম দফায় ১১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত ২৬ জনকে ফিরিয়ে আনা হয়েছে। আর দেশে ফেরার জন্য এখন পর্যন্ত ইয়েমেনে অবস্থানরত ৫০০-এর বেশি বাংলাদেশি নিজেদের নাম নিবন্ধন করেছেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাস ও তুরস্কের বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা জিবুতিতে বাংলাদেশের লোকজনের প্রত্যাবাসন প্রক্রিয়ার সমন্বয় করছেন।
ইয়েমেনের সানা, এডেন হুদায়দাসহ বিভিন্ন শহর থেকে বাংলাদেশের লোকজনকে ভারতের বিমানে ও নৌবাহিনীর জাহাজে জিবুতিতে সরিয়ে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফ্লাইটে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে।