গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেনে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। ইয়েমেনের রাজধানী সানার অদূরে আল হুদায়দাহ শহর থেকে তিন বাংলাদেশিকে উদ্ধার করে পাশের দেশ জিবুতিতে নেওয়া হয়েছে। ভারতের একটি জাহাজে করে তাদের উদ্ধার করা হয়। ওই তিনজনকে শিগগিরই বিমানযোগে দেশ আনা হবে। খবর ইউএনবির।
চার দিনের সফরে ওমানে অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল রোববার বিকেলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এর আগে বাংলাদেশের কুয়েত মিশনের একটি প্রতিনিধিদল পূর্ব আফ্রিকার দেশ জিবুতি পৌঁছায়। দলটি ইয়েমেনের সানা ও এডেন শহরে আটকে পড়া অন্তত পাঁচ শ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করে। ওই কর্মকর্তা আরও জানান, এডেনে আটকে পড়া বাংলাদেশিদের জাহাজযোগে জিবুতিতে নেওয়া হবে। সেখান থেকে বিমানে করে দেশে আনা হবে। আর সানায় আটকে পড়া বাংলাদেশিদের বিমানযোগে জিবুতিতে নেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রসচিব শহিদুল হকের দেওয়া তথ্যমতে, ইয়েমেনে দেড় হাজার থেকে তিন হাজারের মতো বাংলাদেশি আছেন। তাঁদের সবাই দেশে ফিরতে আগ্রহী নন।
জিবুতিতে অবস্থানরত প্রতিনিধিদলে থাকা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এস এম মাহবুব আলম এর আগে জানিয়েছিলেন, তাঁরা ইয়েমেনে আটকে পড়া চার শতাধিক লোকের একটি তালিকা করেছেন। তবে দেশটিতে আটকে পড়াদের প্রকৃত সংখ্যা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এর আগে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইয়েমেনে থাকা বাংলাদেশির সংখ্যা দুই থেকে আড়াই হাজারের মতো।
মাহবুব আলম জানিয়েছিলেন, ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তবে একজন অনারারি কনসাল রয়েছেন, যিনি সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছেন।