ইয়েমেন থেকে নাগরিকদের আনতে আইওএম-ভারতের সহযোগিতা চেয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে আটকে পড়া নিজ নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত আরব দেশটিতে কত সংখ্যক বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা সেলের মাধ্যমে তালিকা তৈরি করা হচ্ছে। 

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন আজ বুধবার মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। 
শহীদুল হক বলেন, ইয়েমেন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে ইতিমধ্যেই আইওএমকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ইয়েমেনে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। কারণ ভারত সেদেশের নাগরিকদের সরিয়ে নিতে বিমান ও জাহাজ পাঠাচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদেরও ফেরত আনা যায় কি না এ বিষয়ে ভারতের সঙ্গে কথা হচ্ছে। 
পররাষ্ট্রসচিব বলেন, ভারত নীতিগতভাবে বাংলাদেশের লোকজনকে আনতে রাজি হয়েছে। তবে নিজেদের সব নাগরিককে ফিরিয়ে আনার পর ভারত সহযোগিতা করতে পারে। তিনি জানান, ইয়েমেনে বাংলাদেশের দূতাবাস নেই। কুয়েত দূতাবাসের মাধ্যমে ইয়েমেনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখা হয়। এখন ইয়েমেনে নিযুক্ত বাংলাদেশের সাম্মানিক কনসাল জেনারেল সালেহ আল ঘালিবির সহায়তায় বাংলাদেশের লোকজনের অবস্থার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে সমুদ্রপথে বাংলাদেশের কর্মকর্তাদের ইয়েমেনে পাঠানোর চেষ্টা চলছে। 
মোহাম্মদ আসহাব উদ্দীন জানান, ইয়েমেনে প্রায় দেড় হাজার বাংলাদেশি আছেন। এদের বেশিরভাগ অর্থাৎ এক হাজারের মত লোক রয়েছেন এডেনে। ইয়েমেনের সরকারের নিয়ন্ত্রণাধীন থাকায় এডেন আপাতত নিরাপদ রয়েছে। এখন পর্যন্ত প্রায় তিন শ’ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের একটি তালিকা করে তা ঢাকায় পাঠানো হয়েছে। 
রাষ্ট্রদূত জানান, ইয়েমেনে আটকে পড়া লোকজনের সহায়তার জন্য কনসাল জেনারেল সালেহ আল ঘালিবির নেতৃত্বে একটি দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের লোকজনকে সরানোর ব্যাপারে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। 
ইয়েমেনের পরিস্থিতি সম্পর্কে মোহাম্মদ আসহাব উদ্দীন জানান, সৌদি জোটের নেতৃত্বে বিমান হামলা শুরুর পর থেকে লোকজনকে দেশটি থেকে সরানোর জন্য সমুদ্রপথ এ মুহূর্তে সবচেয়ে নিরাপদ উপায়। তিনি জানান, ইয়েমেনে আটকে পড়া লোকজনের সহায়তায় কুয়েতের বাংলাদেশ দূতাবাস ও অনারারি কনসালের কয়েকটি হট লাইন চালু করা হয়েছে। হটলাইনগুলো হচ্ছে রাষ্ট্রদূতের দপ্তর (মুঠোফোন-০০৯৬৫৫০৫৭০৭৫৪, দপ্তর-০০৯৬৫২৪৯১৩২০১) এস এম মাহবুবুল আলম, কাউন্সেলর (মুঠোফোন-০০৯৬৫৬৪৬৩৪৩৬৩) ও ইয়েমেনে নিযুক্ত কনসাল জেনারেল সালেহ আল ঘালিবি (মুঠোফোন-০০৯৬৭৭৩৩৮৫৬৯৯৮)।

প্রসঙ্গত, সৌদি আরবের নেতৃত্বে গত বৃহস্পতিবার থেকে ইয়েমেনের শিয়া বন্দুকধারী গোষ্ঠী হুতু বা আনসার আল্লাহর বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়েছে। 
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বো মানসুর হাদির বৈধ সরকারের বিরুদ্ধে হুতির অভিযানের বিরুদ্ধে সোমবার বাংলাদেশ কঠোর নিন্দা জানিয়েছে। ইয়েমেনের জনগণের ওপর হামলার মাধ্যমে সৃষ্ট মানবিক সংকটেরও বাংলাদেশ নিন্দা জানায়। ইয়েমেনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং দেশটির বৈধ কর্তৃপক্ষের ক্ষমতার পুনর্বহালের পাশাপাশি সেদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা সমুন্নত রাখতে সৌদি আরবের সব ধরনের প্রয়াসকে বাংলাদেশ সমর্থন করে।