ইয়েমেন থেকে ফিরেছেন ৩৩৭ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেন থেকে ভারতের সহায়তায় উদ্ধার বাংলাদেশিদের গতকাল ভারতের কেরালা থেকে দেশে ফিরিয়ে আনা হয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ছবি l প্রথম আলো
ইয়েমেন থেকে ভারতের সহায়তায় উদ্ধার বাংলাদেশিদের গতকাল ভারতের কেরালা থেকে দেশে ফিরিয়ে আনা হয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ছবি l প্রথম আলো

ইয়েমেনে অবস্থানরত ১৪ নারী ও ১৩ শিশুসহ ৩৩৭ জন বাংলাদেশিকে গতকাল রোববার ভোরে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতের কেরালা থেকে ৩৩৭ জন বিমানের দুটি বিশেষ ফ্লাইট বিজি-১০১২ ও বিজি-১০৯৮ গতকাল ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ইয়েমেনফেরত বাংলাদেশের নাগরিকদের স্বাগত জানাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, অতিরিক্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
গৃহযুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেন থেকে এ পর্যন্ত ৩৬৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম গতকাল প্রথম আলোকে জানান, বিমানের বিশেষ ফ্লাইটে (বিজি-১০১২) জিবুতি থেকে ১৩৬ জন বাংলাদেশিকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে। সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। গত ১৬ এপ্রিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস-সুমিত্রায় ১৩৬ জন বাংলাদেশিকে ইয়েমেনের হুদায়দা শহর থেকে জিবুতিতে নেওয়া হয়।
ইয়েমেন থেকে জিবুতি হয়ে বাংলাদেশের লোকজনকে প্রত্যাবাসনের কাজে সমন্বয়ের জন্য এস এম মাহবুবুল আলম ছাড়াও কয়েকজন কূটনীতিক এখন জিবুতি রয়েছেন।
গতকাল যে ৩৩৭ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে তাঁদের ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজে ইয়েমেনের সানা, হুদায়দা ও এডেন শহর থেকে জিবুতি নেওয়া হয়। এরপর তাঁদের ২৭২ জনকে এমভি কোরালস ও ৬৫ জনকে এমভি কাবারাত্তিতে করে কেরালার কোচিন বন্দরে নেওয়া হয়। বাংলাদেশের লোকজন কোচিন বন্দরে পৌঁছালে কেরালা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।