ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের অনেকেই ফিরতে চান না!
ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধিদল এখন ইয়েমেনের পার্শ্ববর্তী দেশ জিবুতিতে রয়েছে। সেখান থেকে তারা আটকে পড়া ব্যক্তিদের মধ্যে যাঁরা ফিরে আসতে চান, তাঁদের উদ্ধারে প্রচেষ্টা চালাবে। খবর বিবিসির।
প্রতিনিধিদলে থাকা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এস এম মাহবুব আলম জানান, ইয়েমেনে যাঁরা অবস্থান করছেন, তাঁরা সবাই এখনই ফিরে আসতে চাচ্ছেন না। তিনি জানান, অনেকের সঙ্গেই তাঁর কথা হয়েছে। সবাই এ মুহূর্তে দেশে ফিরে আসতে চান না।
তবে যাঁরা দেশে ফিরে আসতে চান তাঁদের উদ্ধারের ব্যবস্থা সম্পর্কে মাহবুবুল আলম জানান, আজ রোববার একটি ভারতীয় জাহাজ ইয়েমেনের বন্দরনগর এডেনে পৌঁছাবে। ওই জাহাজে করে বাংলাদেশি নাগরিকদেরও উদ্ধারের ব্যাপারে ভারতের সম্মতি পাওয়া গেছে বলে জানান তিনি।
তবে সে ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের ওঠানোর পর যতদূর সম্ভব বাংলাদেশিদের জাহাজে ওঠানো হবে। মাহবুবুল আরও জানান, যাঁরা এখন এডেনে আছেন, শুধু তাঁরাই এই সুযোগ পেতে পারেন।
মাহবুবুল জানান, ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সহযোগিতা চাওয়া হয়েছে। আর আকাশপথের নিয়ন্ত্রণ সৌদি আরবের হাতে থাকায় সে দেশের অনুমতি নিয়ে আকাশপথে সেখানে আটকে পড়াদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান তিনি।