ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তৎপরতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এ জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ইয়েমেনের পার্শ্ববর্তী দেশ জিবুতির উদ্দেশে রওনা হয়েছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনের সহায়তায় বাংলাদেশিদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিনিধিদলের একজন কর্মকর্তা। খবর বিবিসির।
প্রতিনিধিদলে থাকা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এস এম মাহবুব আলম জানান, ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারের চেষ্টা করা হবে। এ ছাড়া ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সহযোগিতা নেওয়া হবে বলে জানান তিনি।
মাহবুব আলম আরও জানান, আটকে পড়াদের উদ্ধারে ভারতও সহযোগিতা করছে। ভারতের কোনো জাহাজ ইয়েমেনের বন্দরনগর এডেনে পৌঁছালে তাতে যত দূর সম্ভব বাংলাদেশিদেরও তুলে নেওয়ার ব্যাপারে দেশটির সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।
উদ্ধারের পর তাঁদের জিবুতিতে আনা হবে এবং সেখান থেকে বিমানযোগে অথবা বড় কোনো জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হবে বলে এই কূটনীতিক জানান। আর ইয়েমেনের প্রতিবেশী দেশ সৌদি আরবের সীমান্তবর্তী শহরগুলোতে অবস্থানকারীদের সৌদি সরকারের অনুমতি নিয়ে সে দেশে নিয়ে যাওয়া হতে পারে বলে জানান তিনি।
মাহবুব আলম আরও জানান, ক্ষেত্রবিশেষে এই প্রতিনিধিদলকে ইয়েমেনে প্রবেশ করতে হতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, অনেকের কাছেই পাসপোর্ট নেই। সে ক্ষেত্রে তাঁদের ভ্রমণ অনুমতিসহ অন্যান্য সহযোগিতা দেওয়ার দরকার হবে। তাঁরা সুযোগমতো সেখানে প্রবেশ করবেন বলে জানান।
ইয়েমেনে অবস্থানকারী অনেক বাংলাদেশির সঙ্গে প্রতিনিধিদলের কথা হয়েছে উল্লেখ করে মাহবুব আলম জানান, তাঁদের অনেকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এই যোগাযোগ স্থাপনের ফলে প্রবাসীদের মধ্যে প্রথম দিকে বিরাজ করা উদ্বেগও প্রশমিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ইয়েমেনে বাংলাদেশি নাগরিকের সংখ্যা সম্পর্কে এই কূটনীতিক বলেন, তাঁরা চার শতাধিক লোকের একটি তালিকা ইতিমধ্যে করেছেন। তবে প্রকৃত সংখ্যা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান তিনি। কিন্তু সেখানে অবস্থিত বাংলাদেশিদের সংখ্যা ১০ হাজারের বেশি হওয়ার বিষয়টি ধারণাপ্রসূত বলে মন্তব্য করেন তিনি। প্রকৃত বাংলাদেশিদের সংখ্যা এত বেশি হবে না বলেই তাঁর ধারণা। এর আগে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইয়েমেনে অবস্থিত বাংলাদেশির সংখ্যা দুই থেকে আড়াই হাজার বলে জানানো হয়েছিল।
ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তবে একজন অনারারি কনসাল রয়েছেন, যিনি সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানান মাহবুব আলম।
যোগাযোগ: বাসস জানায়, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মাহবুব আলমের সঙ্গে জিবুতিতে নিম্নলিখিত রোমিং নম্বর ও ই-মেইলে যোগাযোগ করা যাবে: +৯৬৫ ৯৯৫ ৭৪ ২০৩ এবং [email protected]
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে প্রত্যাবাসন প্রক্রিয়া সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি হটলাইন চালু করা হয়েছে। ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের আত্মীয়স্বজনকে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগের মাধ্যমে তথ্য প্রদান করে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে: +৮৮ ০১৭২ ৬২ ৬০ ৯৬৭ (লুতফর রহমান, মহাপরিচালক, কনস্যুলার ও কল্যাণ) +৮৮ ০১৭১১ ৩৮০ ৩৭৪ (বি এম জামাল হোসেন, পরিচালক, এমআরপি, কল্যাণ ও কনস্যুলার)।