ই-কমার্স পোর্টাল এনআরবি বাইসেলের যাত্রা শুরু

বাংলাদেশ থেকে চালু হলো ই-কমার্স পোর্টাল এনআরবিবাইসেল ডট কম (nrbbuysell.com)। দেশের পণ্য প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দেবে এই পোর্টাল। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই পোর্টাল উদ্বোধন করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আমাদের দেশের জন্য অত্যন্ত উপযোগী। কারণ, এর মাধ্যমে অর্থনীতির বিভিন্ন বিলম্বায়ন সহজে অতিক্রম করা যায়। এটা আমাদের জাতীয় শত্রু ঘুষ-দুর্নীতির সবচেয়ে বড় প্রতিষেধক।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে দারিদ্র্য দূর করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার নীতি নিয়েছেন।
অনুষ্ঠানে এনআরবিবাইসেলের কার্যক্রম তুলে ধরেন পোর্টালটির চেয়ারম্যান দিলারা এ খান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় দেড় কোটি। এসব মানুষকে দেশীয় দামে এবং স্বল্প পরিবহন-ব্যয়ে স্বদেশি পণ্য ব্যবহারে সুযোগ করে দেবে এই পোর্টাল।
অনুষ্ঠানে জানানো হয়, পোর্টালটি বহির্বিশ্বের প্রথম গ্রাহক হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুবীর চৌধুরী; যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী; জার্মানিতে আবদুল্লাহ আল ফারুক এবং কানাডায় মোজাম্মেল হক খানকে সমগ্র রবীন্দ্র রচনাবলী পাঠিয়েছে। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সচিব শ্যামসুন্দর সিকদারকে দেশীয় গ্রাহক হিসেবে সমগ্র রবীন্দ্র রচনাবলী ও প্রথম আলোর ঈদসংখ্যা পাঠিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, বেসিসের সভাপতি শামীম আহসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমেদ, মাস্টারকার্ডের বাংলাদেশপ্রধান সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, পোর্টালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ই চৌধুরী।