ই-পুর্জিতে স্বস্তি দুই লাখ আখচাষির

চিনিকলের একেবারে কাছে থেকেও আনোয়ার হোসেনের বড় দুশ্চিন্তা ছিল সময়মতো আখ বিক্রি নিয়ে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এই কৃষকের বাড়ি মোবারকগঞ্জ চিনিকলের কাছে বলদীপাড়া গ্রামে। চিনিকল এলাকার সব চাষির জন্যই সময়মতো আখ বিক্রি করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য চাই চিনিকল কর্তৃপক্ষের দেওয়া অনুমতিপত্র বা পুর্জি।
এত দিন এই পুর্জি পাওয়া বা না পাওয়া নির্ভর করত চিনিকলের আখ কেনার দায়িত্বপ্রাপ্ত কর্তার মর্জির ওপর। কাগজে লেখা পুর্জি তিনি কবে দেবেন, আদৌ দেবেন কি না বা তা সঠিক সময়ে পাওয়া যাবে কি না—এ নিয়ে চলত দোলাচল। ফলে মাঝখানে ঢুকে পড়েছিল দালাল চক্র। চলত আর্থিক লেনদেন।
আনসার আলী প্রথম আলোকে বলেন, ‘অনেকবার দ্যাখা গেছে এমন সময় পুর্জি পেইয়েছি যে লেবারের অভাবে আখ কাটতি পারিনি। আবার পুর্জি না পেইয়ে অর্ধেক দামে আখ বিক্রি করে দিইয়েছি। দালালদের কাছেও অনেকবার বিক্রি করেছি।’
তবে আনোয়ার হোসেনের মতো দেশের প্রায় দুই লাখ আখচাষিকে মুক্তি দিয়েছে ই-পুর্জি। কবে, কখন এবং কী পরিমাণে আখ কারখানার ফটকে বা আখ ক্রয়কেন্দ্রে আনবেন, এই বার্তাটি চাষিরা পান তাঁদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে। এটিই ই-পুর্জি। ২০০৯ সাল থেকে ই-পুর্জি চালু হয়। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) হিসাবে গত পাঁচ বছরে ৪০ লাখ ই-পুর্জি গেছে আখচাষিদের কাছে। এতে পুর্জি পাওয়া নিয়ে জটিলতা, কষ্ট, দুর্নীতি বন্ধ হয়েছে অনেকাংশে।
আনোয়ার হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘মিলগেটে গেলি এখন কারও হাত-পা ধরা আর নেই। আগেই পেয়ে যাই পুর্জি। এসএমএস (খুদে বার্তা) দেখালেই হলো। আখ বিক্রি হয়ে যায়।’
২০০৯ সালের নভেম্বর মাস থেকে মোবারকগঞ্জ ও ফরিদপুর চিনিকলে প্রথম পরীক্ষামূলকভাবে ই-পুর্জি চালু হয়। এই ডিজিটাল পুর্জি তথ্যসেবা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এবং বিএসএফআইসিকে সহায়তা দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ২০১০ সালের ডিসেম্বরে দেশের মোট ১৫টি সরকারি চিনিকলেই একযোগে ই-পুর্জি চালু হয়।
বিএসএফআইসি সূত্র জানায়, এখন দেশের প্রতিটি চিনিকলে একটি করে সার্ভার রুম আছে। আছে সব চাষির তথ্যভান্ডার। সেখানে চাষির নাম-ঠিকানার পাশাপাশি আছে তাঁর বা তাঁর নিজস্ব অথবা বিশ্বস্ত কারও মুঠোফোন নম্বর। সেই তথ্যভান্ডর থেকে তিন দিন আগে চাষিদের কাছে আখ সরবরাহের জন্য বার্তা পৌঁছে যায়।
ঈশ্বরদীর পাবনা চিনিকলে আখ দেন আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের চাষি আনসার আলী। তাঁর বাড়ি থেকে চিনিকলের দূরত্ব ১২ কিলোমিটার। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিন দিন আগে পুর্জি পাওয়ায় এখন শ্রমিক ঠিক করার সময়টা পাই। ঠিক আগের দিন আখ কাটতে পারি। মিলে নিতেও আগের অসুবিধা নাই।’
ই-পুর্জি কেবল কৃষকের জন্য সুফল বয়ে আনেনি। চিনি উৎপাদনেও এনেছে গতি। চিনিকলসংশ্লিষ্ট ব্যক্তিদের কথা, আখ এমন একটি ফসল যা সতেজ অবস্থায় কারখানায় মাড়াইয়ের জন্য নিতে হয়। নইলে চিনি ভালো হয় না। আগে পুর্জি পাওয়া নিয়ে বিলম্বে সতেজ আখ পাওয়া অনেকটাই অনিশ্চিত ছিল।
রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল রফিক প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিনের চাকরিজীবনের এমন অভিজ্ঞতা হয়েছে যে আখের অভাবে কারখানা বন্ধ হওয়ার (নো কেইন) উপক্রম হয়েছে। আবার হঠাৎ করে প্রয়োজনের তুলনায় অনেক বেশি আখ পেয়েছি। ই-পুর্জি চালু হওয়ার পর এমন অবস্থা হয়নি।’
বিএসএফআইসি সূত্র জানায়, ২০০৯-১০ সালের আখ মাড়াই মৌসুমের তুলনায় ২০১১-১২ সালে চিনিকল কারাখানায় সাত লাখ ১৫ হাজার টন আখ বেশি পাওয়া গেছে। এই এক বছরে চিনি উৎপাদন বেড়ে গেছে ৪৭ হাজার ৭৬০ মেট্রিক টন।
বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন) আজিজুর রহমান বলেন, ‘বড় কথাটি হলো পুর্জি পাওয়া নিয়ে আমরা কৃষকদের অভিশাপ আর অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছি। গণমাধ্যমেও এ নিয়ে সমালোচনা হতো। এখন আমাদের আর কেউ প্রতারক বলে না।’ তিনি বলেন, ‘ব্যবস্থাপনা তরফে যে সুবিধা সেটি হলো, পুর্জি আদৌ চাষি পেল কি না তা আমরা নিশ্চিত হতে পারি।’
গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দুটো মূল বৈশিষ্ট্য হচ্ছে হয়রানি আর বাহুল্য। ই-পুর্জি চালুকে কৃষকদের ক্ষমতায়নের একটি উজ্ব্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, প্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগের একটি উদাহরণ এই ই-পুর্জি।
ই-পুর্জির উদ্ভাবক প্রতিষ্ঠান এটুআই। এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান বলেন, ই-পুর্জিতে আখ কেনার পাশাপাশি অন্তত ক্ষুদ্র কৃষকেরা যাতে তাঁদের আখ বিক্রির অর্থ মুঠোফোনেই পেতে পারেন সে চেষ্টা চলছে।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ঝিনাইদহ প্রতিনিধি আজাদ রহমান ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মাহবুবুল হক)