খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন ‘বর্জন’ করেছেন—এমন একটি সংবাদ বিজ্ঞপ্তি গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের ই-মেইলে পাঠানো হয়। উপজেলা যুবলীগের এক নেতার ই-মেইল থেকে সংবাদ বিজ্ঞপ্তিটি আসে। এতে দলের তিন প্রার্থীর স্বাক্ষরও ছিল। প্রচারণা চালাতে বাধা দেওয়া, আঞ্চলিক রাজনৈতিক দলের হুমকিসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন ‘বর্জন’ করছেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে আওয়ামী লীগের নেতারা দলের প্রার্থীদের নির্বাচন বর্জন করার বিষয়টি অস্বীকার করেছেন। ২৩ এপ্রিল তিনটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন।
দলের তিন প্রার্থীর নির্বাচন ‘বর্জনের’ ঘোষণার বিষয়ে জানতে প্রথম আলোর রাঙামাটি অফিস থেকে গতকাল রাতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করা হয়। মুঠোফোনে তিনি বলেন, সাংবাদিকদের কাছে এমন কথা তিনিও শুনেছেন। এর বেশি কিছু তাঁর জানা নেই। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচন বর্জন করতে পারেন না। তাঁর সন্দেহ কেউ উদ্দেশ্যমূলকভাবে এটি প্রচার করেছে। এ বিষয়ে খোঁজ নেবেন তিনি।
তিন চেয়ারম্যান প্রার্থী হলেন ১ নম্বর লক্ষ্মীছড়ি ইউনিয়নে লেলিন কুমার চাকমা, ২ নম্বর দুল্যাতলী ইউনিয়নে মো. নুরে আলম ও ৩ নম্বর বর্মাছড়ি ইউনিয়নে নীলবর্ণ চাকমা। সংবাদ বিজ্ঞপ্তিতে তিন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, একটি আঞ্চলিক রাজনৈতিক দলের হুমকি ও বাধার কারণে নির্বাচনী প্রচারণা, জনসংযোগ এবং পোস্টার লাগানো যায়নি। অধিকাংশ কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে কোনো পোলিং এজেন্টও নিয়োগ দেওয়া যাচ্ছে না।
দুল্যাতলী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলমের কাছে মুঠোফোনে ওই সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত ওসমান বলেন, ‘আমিও লোকমুখে শুনেছি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। তবে প্রার্থীরা আমাকে লিখিতভাবে কিছুই জানাননি।’
এ বিষয়ে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচন ‘বর্জন’ করার বিষয়টি তিনিও লোকমুখে শুনেছেন।