ঈ-৪০ জাতের আখ চাষ করে বিপাকে কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈ-৪০ জাতের আখের চাষ করে বিপাকে পড়েছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখচাষিরা। চিনিকলের খামার থেকে বীজ নিয়ে কৃষকেরা নতুন জাতের এই আখের চাষ করেন। কিন্তু অন্যান্য জাতের আখ আট থেকে ১০ ফুট লম্বা হলেও নতুন জাতের এই আখ চার-পাঁচ ফুট লম্বা হয়ে বৃদ্ধি থেমে গেছে।কৃষকেরা জানান, অজ্ঞাত কারণে আখগাছ বাড়ছে না। গাছের গোড়ায় সার ব্যবহার করেও লাভ হচ্ছে না। ফলে আখের ফলন অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করছেন তাঁরা।চিনিকলের খামার সূত্রে জানা গেছে, ঈ-৪০ (ঈশ্বরদী-৪০) জাতটি নতুন একটি জাত। ২০০৯-২০১০ মৌসুমে চিনিকলের খামারে এই জাতের আখ পরীক্ষামূলকভাবে চাষ করা হয়। সেখান থেকে বীজ তৈরি করে ২০১০-২০১১ মৌসুমে তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়। ২০১১-২০১২ মৌসুমে কৃষক পর্যায়ে বীজ তৈরির জন্য ৯০ একর আর চিনিকলে মাড়াইয়ের জন্য ১০০ একর জমিতে এই আখের চাষ করা হয়েছে।কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে গিয়ে দেখা গেছে, এই জাতের আখ চাষ করা জমিগুলোর গাছ তেমন বেড়ে ওঠেনি। এ জাতের গাছের বর্তমান উচ্চতা মাঠের অন্য জাতের আখগাছের উচ্চতার অর্ধেক।কৃষক মসলেম আলীর ছেলে মাসুদ রানা বলেন, তাঁদের মোট ১৪ বিঘা জমিতে আখের চাষ করা হয়েছে। এর মধ্যে ১০ বিঘা জমিতে ঈ-৪০ জাতের আখের চাষ করা হয়েছে। বাকি চার বিঘা জমিতে তাঁরা অন্য জাতের আখের চাষ করেছেন। চিনিকলের কর্মকর্তারা তাঁদের বলেছিলেন এই জাতের আখ চাষ করলে বিঘাপ্রতি অনেক বেশি ফলন পাওয়া যাবে। এই আশ্বাসে তাঁরা নতুন জাতের আখের চাষ করেন। এখন দেখছেন, এই জাতের আখগাছগুলো বেড়ে উঠছে না। মাসুদ আরও জানান, আর মাত্র দুই-তিন মাস পর চিনিকলগুলোতে আখ সরবরাহ করতে হবে। এই সময়ের মধ্যে আখগাছগুলো সাত-আট ফুট লম্বা হওয়ার কথা। সেখানে বেড়েছে মাত্র তিন-চার ফুট। তিনি বলেন, গাছের গোড়ায় সার ব্যবহার করলে গাছের গা থেকে ফুড়কি (গাছের কাণ্ড থেকে বের হওয়া ডালপালা) বের হচ্ছে। গাছ বেড়ে ওঠার পরিবর্তে ওই ফুড়কি বেড়ে উঠছে। ফলে বিঘাপ্রতি ১৫০ থেকে ২০০ মণ ফলন কম হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।চিনিকলের মাঠকর্মী লুৎফর রহমান বলেন, এটা জাতের কোনো সমস্যা না। আখের শিকড়ে মাজরা পোকার আক্রমণ হয়েছে। ঈ-৪০ জাতের আখে এই পোকার আক্রমণ বেশি হয়েছে। যাদের আখ খেতে এই সমস্যা দেখা দিয়েছে, তাদের লকবান অথবা পাইরিবান ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মোবারকগঞ্জ চিনিকলের উপমহাব্যবস্থাপক (ফার্ম) আবু তাহের বলেন, জাতটি তাঁদের খামারে ভালো ফলন হয়েছে। অনেক কৃষকের খেতেও ভালো ফলন হয়েছে। বৃষ্টি কম হওয়ায় এবার এই সমস্যা দেখা দিয়েছে। আখের শেকড়ে মাজরার আক্রমণ হয়েছে। তবে ঠিকমতো পরিচর্যা করলে সমস্যা দূর হয়ে যাবে। এটা আখের জাতের কোনো সমস্যা নেই বলে দাবি করেন তিনি।