ঈদ আনন্দে ঘরমুখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা। চট্টগ্রাম রেলস্টেশনের তিন নম্বর প্লাটফরমে দাঁড়ানো মেঘনা এক্সপ্রেস। চাঁদপুরগামী আন্তনগর ট্রেনটির ভেতরের সব কটি আসন পূর্ণ। দাঁড়িয়েও ছিল অনেকে। ঝুঁকি নিয়ে ছাদে ঠাসাঠাসি করে উঠছিল যাত্রীরা। বিকেল সোয়া পাঁচটায় ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় ভেতরে ও ছাদে তিল ধারণের যেন ঠাঁই নেই।

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্দরনগর চট্টগ্রাম স্টেশনে বিকেলে ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যে বেশির ভাগ ছিল চাঁদপুরগামী মেঘনার যাত্রী। ঈদের ছুটির আগে গতকাল ছিল শেষ কর্মদিবস। এ কারণে দুপুরের পর ভিড় বাড়তে থাকে স্টেশনে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১০টি আন্তনগর ট্রেন ছেড়ে যাচ্ছে। এর সঙ্গে আরও ১০টি এক্সপ্রেস ট্রেন যাত্রী পরিবহন করে। এবারের বিভিন্ন গন্তব্যের আন্তনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনের আসনসংখ্যা প্রায় ১১ হাজার। যাত্রার আগ মুহূর্তে বিরতিহীন সুবর্ণ ও সোনার বাংলা ছাড়া বাকি ট্রেনের স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাওয়া) টিকিট কাউন্টার থেকে ছাড়া হচ্ছে।

বিকেলে স্টেশনে কথা হয় চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার কর্মী হাবিবা বেগমের সঙ্গে। তিনি গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এক পালা কাজ করে আরও চারজন নারী সহকর্মীকে নিয়ে স্টেশনে হাজির হন। গ্রামের বাড়িতে তাঁর দুই ছেলে, এক মেয়ে ও স্বামী রয়েছে। ভিড় ঠেলে তিনি মেঘনা এক্সপ্রেসের একটি বগিতে ওঠেন। আসনে বসতে গিয়ে ঘেমে–নেয়ে একাকার। তবু মুখে হাসি। হাবিবা বলেন, ‘টাকার জন্য চট্টগ্রামে থাকি। কিন্তু আমার প্রাণ তো পড়ে আছে চাঁদপুরে। অনেক দিন পর তিন সন্তানের মুখ দেখব। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে?’

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নতুন স্টেশনে নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তারক্ষীরা। তাঁদের সঙ্গে যুক্ত হন রোভার স্কাউটের শিক্ষার্থীরা। টিকিট দেখে প্লাটফরমে ঢুকতে দেওয়া হয় যাত্রীদের।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল বেশি টিকিট বিক্রি হয় চাঁদপুরগামী আন্তনগর মেঘনার। এই ট্রেনের আসনসংখ্যা ৯৪৩। টিকিট বিক্রি হয়েছে ১ হাজার ৭৫৪টি। মহানগর গোধূলীর আসনসংখ্যা ৮৫৭। টিকিট বিক্রি হয়েছে ১ হাজার ৩০৬টি। সকাল থেকে স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাওয়ার) টিকিট বিক্রি শুরু হয়। গোধূলীতে দাঁড়িয়ে যাওয়ার প্রায় ৪০০ টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ৩৯৯টি ও ঢাকাগামী মহানগর প্রভাতীর ৩৪৩টি দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘গতকাল সব ট্রেনই নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন  ছেড়ে যায়। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে যাত্রীর প্রচণ্ড চাপ ছিল। এই দুই রুটে ট্রেন ও কোচ (বগি) বাড়ানোর সুপারিশ করেছি। পর্যাপ্ত কোচ না থাকায় যাত্রীরা ঠাসাঠাসি করে যাচ্ছে।’

বিকেলের ট্রেনগুলোতে ঠাসাঠাসি করে ঘরমুখো মানুষ চট্টগ্রাম ছাড়লেও সকালে ছিল উল্টো চিত্র। সকাল সাতটায় চট্টগ্রাম থেকে ৮০৪ জন যাত্রী নিয়ে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে, আসন ফাঁকা ছিল ২৬৫টি। বিকেল পাঁচটায় সোনার বাংলা ৬৯৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে যায়। একটি আসনও ফাঁকা ছিল না। গতকাল রাতের তূর্ণা ও ঢাকা মেইলের প্রায় সব টিকিটও বিক্রি হয়ে গেছে বলে জানান রেলের দায়িত্বশীল একজন কর্মকর্তা।