ঈদ আনন্দে বন্ধনহীন ছোটাছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটির দিনগুলোতে বিভিন্ন বিনোদনকেন্দ্রে ছিল শিশু-কিশোরদের বন্ধনহীন ছোটাছুটি। শিশুপার্কের মজার সব রাইডে চড়ে বড়দেরও এই কয়েকটা দিন দারুণ সময় কেটেছে। শাহবাগের শিশুপার্ক থেকে তোলা ছবি l সাহাদাত পারভেজ
ঈদের ছুটির দিনগুলোতে বিভিন্ন বিনোদনকেন্দ্রে ছিল শিশু-কিশোরদের বন্ধনহীন ছোটাছুটি। শিশুপার্কের মজার সব রাইডে চড়ে বড়দেরও এই কয়েকটা দিন দারুণ সময় কেটেছে। শাহবাগের শিশুপার্ক থেকে তোলা ছবি l সাহাদাত পারভেজ

দুপুর তখনো হারিয়ে যায়নি। তবে নিস্তেজ হয়ে এসেছে রোদের ঠা-ঠা ভাবটা। লালবাগ কেল্লার খোলা চত্বরে নানা বয়সের মানুষ মনের সুখে হেঁটে বেড়াচ্ছে। সবার পরনে নতুন জামা, শিশুদের হাতে নানা রকমের খেলনা। এমন সময় ঝমঝমিয়ে এল বৃষ্টি। খানিকটা সময় গাছ কিংবা পুরোনো স্থাপনার নিচে আশ্রয়। বৃষ্টি খানিক বাদে থেমে গেল। বৃষ্টিধোয়া আকাশে অদ্ভুত সুন্দর রংধনু গত বুধবার লালবাগ কেল্লায় বেড়াতে আসা অগণিত মানুষের আনন্দটা অনেক গুণ বাড়িয়ে দিল। রংধনুকে সাক্ষী রেখে কেল্লার খোলা চত্বরে শুরু হলো ছবি তোলার উৎসব।
গ্রামের বাড়িতে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছিলেন অনেকেই। সোমবার থেকে গতকাল বৃহস্পতিবার, ঈদের সময় যেমন হয়—মহানগরের রাজপথ প্রায় ফাঁকা। কিন্তু মহানগর ও তার উপকণ্ঠের বিনোদনকেন্দ্র ও বেড়ানোর জায়গাগুলোতে মানুষ আর মানুষ। রাজধানীর সবগুলো পথ যেন মিশেছিল বিনোদনকেন্দ্রগুলোতে। সকাল-বিকেল-সন্ধ্যা সব সময় ভিড় ছিল এসব জায়গায়।
আনন্দে মেতে ওঠার এ মহাযজ্ঞ শুরু হয় মঙ্গলবার ঈদের দিন থেকেই। যাঁরা গ্রামের বাড়িতে যেতে পারেননি কিংবা ঢাকায় যাঁদের স্থায়ী ঠিকানা, তাঁরা ঈদের দিন সকালে নতুন পোশাক পরে গেছেন ঈদগাহে নামাজ আদায় করতে। এর পর থেকে ঈদের ছুটির দিনগুলোতে শুধুই আনন্দ-উচ্ছ্বাস। ঈদের দিনে শিশুরা রিকশা, স্কুটার, ট্যাক্সিক্যাবে করে বেড়াতে বের হয়। বিনোদনকেন্দ্রগুলোতে তাদের বন্ধনহীন ছোটাছুটি বড়দের মনে জাগিয়ে তোলে শৈশবের মধুর স্মৃতি।
ঈদের দিন সকাল থেকেই চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, রমনা উদ্যান, শিশুপার্কে আসতে থাকে অগণিত মানুষ। বেসরকারি পর্যায়ে নির্মিত বিনোদনকেন্দ্র নন্দনপার্ক, ফ্যান্টাসি কিংডম ও শিশুমেলায় ভিড় ছিল প্রচুর। ফাঁকা রাজপথে রিকশা বিলাসেও মেতে উঠেছিলেন তরুণ-তরুণীরা।
আমাদের দেশ এক স্বপ্নপুরী: ‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথি মোদের ফুলপরি, লাল পরি, নীল পরি, সাদা পরি, কালো পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি...’ শিশুপার্কে ঢুকে একটু এগিয়ে যেতেই খুব চেনা গানটি কানে ভেসে এল। এ পার্কের অন্যতম জনপ্রিয় রাইড ‘আনন্দ ঘূর্ণি’র (ঘোড়াসদৃশ চেয়ারে বসে ঘোরানো) সামনে অপেক্ষমাণ মানুষের সারি সাপের মতো এঁকেবেঁকে অনেক দূর চলে গেছে। প্রায় একই ভিড় ছিল নাগরদোলা আর ট্রেনের সামনে। শিশুদের সঙ্গ দিতে এসে আনন্দে ভাসেন অভিভাবকেরাও।
ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত প্রতিদিন দুপুরের পর থেকে রাত প্রায় নয়টা পর্যন্ত শিশুপার্কের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত যানজট লেগেই ছিল। এ থেকেই আন্দাজ করা যায়, কতটা ভিড় ছিল ভেতরে। সে কথাই বললেন শিশুপার্কের দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান। প্রথম আলোকে জানালেন, ঈদের দিন ৫০ হাজারের বেশি লোক টিকিট কেটে পার্কে প্রবেশ করেন। পরের দিন এ সংখ্যাটা ৬২ হাজার ৭৫০। এ ছাড়া ঈদের দিন ছিল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে প্রবেশের সুবিধা।

ঈদের দিন থেকে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ছবিটি গত বুধবার নগরের কাজীর দেউড়ি এলাকায় শিশুপার্ক থেকে তুলেছেন সৌরভ দাশ
ঈদের দিন থেকে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ছবিটি গত বুধবার নগরের কাজীর দেউড়ি এলাকায় শিশুপার্ক থেকে তুলেছেন সৌরভ দাশ

চিড়িয়াখানায় ঠাঁই ছিল না: মিরপুর চিড়িয়াখানায় ঈদের দিন থেকেই ছিল উপচে পড়া ভিড়। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মাকসুদুল হাসান জানালেন, ঈদে প্রাণীদের দীর্ঘক্ষণ চাঙা রাখার জন্য বিশেষ ভিটামিনযুক্ত খাবার সরবরাহ করা হয়েছিল। এ ছাড়া ভেতরে সুপেয় পানির ব্যবস্থা ছিল সাধারণ দর্শনার্থীদের জন্য।
বিশেষ আগ্রহে লালবাগ কেল্লা, হতাশ করেছে জাতীয় জাদুঘর: ঈদের ছুটিতে প্রতিদিন বিকেলে লালবাগ কেল্লায় গিয়ে দেখা যায়, ভেতরে লোকে লোকারণ্য। বাইরে দীর্ঘ লাইন। লালবাগ কেল্লা জাদুঘরের কাস্টডিয়ান সুলতানা জাকিয়া জানালেন, এবার ‘লাইট অ্যান্ড শ্যাডো’ প্রদর্শনীতে দর্শকের বেশি আগ্রহ ছিল। প্রতি সন্ধ্যায় ছিল একাধিক প্রদর্শনী।
শাহবাগের জাতীয় জাদুঘর, পুরান ঢাকার বলধা গার্ডেন, আহসান মঞ্জিলসহ বেড়ানোর জায়গাগুলোতে সপরিবারে এসেছিলেন অনেকে। তবে ঈদের পরদিন থেকে গতকাল পর্যন্ত জাতীয় জাদুঘর এবং আহসান মঞ্জিল বন্ধ পেয়ে অনেক দর্শনার্থীকে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। গতকাল দুপুরে স্বামীবাগ থেকে মনোয়ার হোসেন সপরিবারে এসেছিলেন জাতীয় জাদুঘর দেখতে। মনোয়ার জানালেন, বিশেষ দিনগুলোতে এ ধরনের প্রতিষ্ঠান খোলা রাখাটা জরুরি। জাতীয় জাদুঘরের সচিব ফারুক হোসেন জানালেন, ‘আমরা চাইলেও এটি পারি না। এটি পুরোপুরি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়।’
পুরান ঢাকার চকবাজার, সুরিটোলা, আরমানিটোলা, ইংলিশ রোডসহ বেশ কিছু এলাকায় স্থানীয়ভাবে ঈদে মেলার আয়োজন করা হয়েছে। এসব মেলায় চটপটি, ফুচকা, কোমল পানীয়ের পাশাপাশি নাগরদোলা, পুতুলনাচ আর সার্কাসের দলকেও দেখা গেছে আনন্দ বিলাতে। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় ছিল চকবাজারের মেলা।