এবারের ঈদ খুলনা ও সাতক্ষীরার দাকোপ, কয়রা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার আইলাদুর্গত লক্ষাধিক মানুষের মুখে হাসি ফোটাতে পারছে না। দুর্গত এসব মানুষ চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। বাঁধে বসবাসকারী মানুষগুলো তাই তাকিয়ে আছে সরকারের নীতিনির্ধারণী মহলের দিকে। গতকাল সোমবার ‘আইলাদুর্গত সংহতি মঞ্চ’ ও ‘আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটি’ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তারা দুর্গত ব্যক্তিদের জীবন-জীবিকা রক্ষায় পাঁচ দফা দাবি তুলে ধরেন।বক্তারা বলেন, তাঁদের সন্তানেরাও ঈদের দিনে মা-বাবার কাছ থেকে একটি জামা পেতে চায়। ঈদ পালনে তাঁদের সহায়তা করা এই সরকারের মানবিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু সরকার কয়েক হাজার পরিবারকে মাত্র এক হাজার ৬০০ শাড়ি এবং পরিবারপ্রতি ১০ কেজি করে চাল দিয়ে দায়িত্ব শেষ করেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইলাদুর্গত সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিনেও কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ করতে না পারায় লক্ষাধিক মানুষ মানবেতর জীবন যাপন করছে। এই পরিস্থিতিতে তিনি সরকারের কাছে জরুরি সহায়তা দাবি করেন। সম্মেলনে দুর্গত ব্যক্তিদের ঈদ ও পূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।