ঈদ উদ্যাপনে প্রস্তুত বিনোদনকেন্দ্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো খোলা থাকছে। বিগত বছরের মতো এবারও বিনোদনকেন্দ্রগুলোতে থাকবে আনন্দপিপাসু মানুষের বিচরণ। সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো ছাড়াও উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, হাতিরঝিলসহ সারা ঢাকায় পড়বে ঈদের আনন্দে বেড়ানোর হিড়িক।

গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিনোদনকেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ চলছে। ঢাকা চিড়িয়াখানায় ভেতরের রাস্তায় সংস্কার চলছে। অন্য জায়গাগুলোতে ছোটখাটো সংস্কারসহ ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পাশাপাশি থাকবে বিশেষ নিরাপত্তা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান জানান, ঈদের দিন থেকে পাঁচ দিন সকাল ১০টায় শিশুপার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বন্ধ হবে রাত আটটায়। পার্কের পুরোনো প্রায় সব রাইডের সংস্কার করা হয়েছে। পাশাপাশি এবার শিশুপার্কের ভেতরে বেসরকারি উদ্যোগে বসানো হচ্ছে ম্যাজিক বোর্ড, সাম্পানসহ বেশ কিছু নতুন রাইড।

শাহবাগের জাতীয় জাদুঘর অবশ্য ঈদের দিন খোলা থাকছে না। জাতীয় জাদুঘর ও এর অধীন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে ঈদের পরের দুই দিন বিনা মূল্যে দেখানো হবে দুটি চলচ্চিত্র। প্রথম দিন বেলা আড়াইটা ও পরদিন বিকেল পাঁচটায় চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে জাতীয় জাদুঘর শিশুদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করবে।

ঢাকার মিরপুরে চিড়িয়াখানা ভ্রমণ সব বয়সের মানুষকে দিতে পারে ঈদের বাড়তি আনন্দ। ঈদের দিন সকাল আটটা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানার দুয়ার। বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদের আনন্দ শান্তিপূর্ণ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এখানকার কিউরেটর নজরুল ইসলাম জানান, প্রতিবছরই সকাল আটটার মধ্যে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এবারও সকাল থেকেই শুরু হবে দর্শনার্থীদের আগমন। তিনি জানালেন, ঈদের দিন চিড়িয়াখানার ভেতরে চালু হচ্ছে পর্যটন করপোরেশনের উদ্যোগে একটি ক্যানটিন।

ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম বিনোদনপিপাসুদের একটি পছন্দের জায়গা। ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই বিনোদনকেন্দ্রটি। ঈদ উপলক্ষে ১০ দিনের এই বিশেষ সময়সূচি নিয়েছে তারা। আর ১৫ জুলাই থাকছে ঈদ কনসার্ট।

বিনোদনের খোঁজে আশুলিয়ার নন্দন পার্কেও প্রায়ই ছুটে যান রাজধানীর মানুষ। নন্দন পার্কে থাকছে চার দিনের বিশেষ আয়োজন। ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে নন্দন পার্ক। এ ছাড়া ঈদের পর চার দিন বিকেলে থাকবে জমজমাট সাংস্কৃতিক আয়োজন।

ঈদের দিন পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেন, কোতোয়ালি এলাকার আহসান মঞ্জিল, সায়েদাবাদ এলাকার ওয়ান্ডার ল্যান্ড খোলা থাকবে। এ ছাড়া পুরান ঢাকার চকবাজার, ইংলিশ রোড, ধোলাইখাল, গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ, যাত্রাবাড়ী, বাসাবো এলাকায় স্থানীয়ভাবে ঈদমেলার আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল থেকে শুরু হবে এসব মেলা।

সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি: ঈদ সামনে রেখে এখন সরগরম ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি। গতকাল কাকরাইলের সিনেপাড়াসহ ঈদে মুক্তিপ্রাপ্ত চার ছবির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোয় ছিল প্রচণ্ড ব্যস্ততা। বুকিং এজেন্টরা ব্যস্ত ছবির বুকিং নিয়ে। প্রেক্ষাগৃহের প্রদর্শক কিংবা তাঁদের কর্মীরা নিজ নিজ সিনেমা হলে দর্শক টানতে ছবির পোস্টার সংগ্রহ করছেন।

ঈদের ছবি নিয়ে কথা হয় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীনের সঙ্গে। আলাউদ্দীন বলেন, ‘সব সময়ই ঈদের বিনোদনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সিনেমা দেখা। এবারের ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে চারটি ছবি—সম্রাট, বাদশা, শিকারি ও রানা পাগলা দি মেন্টাল। চারটি ছবির মধ্যেই রয়েছে বিনোদনের খোরাক। তাই আশা করছি, দর্শকেরা প্রেক্ষাগৃহে যাবেন এবং প্রতিটি ছবিই লগ্নিকৃত অর্থ উঠিয়ে মুনাফার মুখ দেখবে।’