ঈদ উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের ঘরমুখী যাত্রীদের জন্য ঢাকা-পার্বতীপুর পথে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি ঈদের আগের তিন দিন ও ঈদের পরে পাঁচ দিন এ পথে চলাচল করবে। এ ছাড়া ঢাকা-নীলফামারী রেলপথের নীলসাগর এক্সপ্রেসে আবার শীতাতপনিয়ন্ত্রিত বগি সংযুক্ত করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি ঈদের আগে ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত এবং ঈদের এক দিন পর থেকে পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টা ৪৫ মিনিটে পার্বতীপুর স্টেশনে থেকে ছেড়ে বেলা তিনটা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে বিকেল পাঁচটা ২০ মিনিটে ছেড়ে দিবাগত রাত তিনটায় পার্বতীপুর পৌঁছাবে। ট্রেনের নয়টি বগিতে প্রথম শ্রেণীর ২৪টি ও শোভন সাধারণ শ্রেণীর ৬৪০টি আসন থাকবে। সাধারণ শ্রেণীর ভাড়া ৩৪০ ও প্রথম শ্রেণীর ভাড়া ৫৪০ টাকা।
রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, দুই মাস বন্ধ থাকার পর নীলসাগর এক্সপ্রেসে ১ আগস্ট থেকে ১০০ আসনবিশিষ্ট শীতাতপনিয়ন্ত্রিত (এসি চেয়ারকোচ) বগি সংযুক্ত করা হয়েছে। চলতি বছরের ১ মে থেকে এই বগি প্রত্যাহার করে ঢাকা-কলকাতা রেলপথের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত করা হয়েছিল।
পার্বতীপুরের স্টেশনমাস্টার শেখ আবদুল জব্বার বলেন, এটা কোনো স্থায়ী ব্যবস্থা নয়, ঈদ উপলক্ষে সাময়িক সময়ের জন্য।