ঈদ উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম পথে দুটি বিশেষ ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম পথে দুটি বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ পথে চলাচলকারী অন্য সব ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার মারুফ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রেলওয়ে কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, চাঁদপুর-চট্টগ্রাম পথে চলাচলকারী দুটি ঈদ স্পেশাল ট্রেন আগামী ১ থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া ঈদের পরদিন থেকে টানা সাত দিন এ পথে বিশেষ ট্রেন চলাচল করবে। এ কয়েক দিন ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে সকাল ১০টার দিকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে বেলা সাড়ে তিনটার দিকে। ট্রেনটি চাঁদপুর থেকে বিকেল চারটার দিকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টার দিকে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকেল পাঁচটার দিকে ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে; চাঁদপুর থেকে রাত তিনটার দিকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল আটটা ৪০ মিনিটে।

ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা একটা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা সাতটায় চাঁদপুর পৌঁছাবে; চাঁদপুর থেকে রাত তিনটায় ছেড়ে সকাল আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে পাঁচটায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। এই ট্রেনটি সকাল ছয়টায় চাঁদপুর থেকে ছেড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

এ ছাড়া আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে; বিকেল পাঁচটার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে। সাগরিকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপুরের উদ্দেশে ছাড়বে; বেলা দুইটা ২৫ মিনিটে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

লোকাল ১৭১ আপ ট্রেন চাঁদপুর থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ও ১৭৩ আপ ট্রেন রাত নয়টায় লাকসামের উদ্দেশে ছাড়বে। লাকসাম থেকে ১৭২ ডাউন ট্রেন সকাল সাড়ে সাতটায় ও ১৭৪ ডাউন ট্রেন বিকেল সাড়ে পাঁচটায় চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবে।

চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার শফিকুর রহমান ভূঁইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ খোরশেদ আলম জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তাসহ সব সুযোগ-সুবিধার জন্য রেলওয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।