ঈদ উপলক্ষে পাঁচ দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিন মুক্ত হয়েছেন ৭৫১ বন্দী। গড়ে প্রতিদিন মুক্ত হয়েছেন ১৫০ জন। সপ্তাহখানেক আগেও এ সংখ্যা ছিল প্রতিদিন ৫০ থেকে ৬০ জন। জামিন পাওয়া ব্যক্তিদের বেশির ভাগই যৌতুক, মারামারি ও মাদক মামলার আসামি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গত সোমবার থেকে জামিনে মুক্তি বেড়েছে। সোমবার ১৩৮, মঙ্গলবার ১৪৯, বুধবার ১২৪, বৃহস্পতিবার ১৭০ ও গতকাল শুক্রবার ১৭০ জন বন্দী মুক্তি পান।
গত বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে দেখা গেছে স্বজনদের ভিড়। সেখানে কথা হয় মো. সোহেল নামের এক কিশোরের সঙ্গে। ছয় মাস আগে নগরের বাকলিয়া থানার ইয়াবা উদ্ধারের একটি মামলায় তার বাবা কারাগারে আসেন। সোহেল প্রথম আলোকে বলে, বাবাকে সঙ্গে নিয়ে ঈদ করার জন্য আইনজীবীর মাধ্যমে বুধবার জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। পরে এটি কারাগারে পাঠানো হলে সে বাইরে অপেক্ষায় আছে।
মিনিট দশেক পর বেরিয়ে আসেন সোহেলের বাবা তৈয়ব আলী। ছেলেকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি চোখ মুছতে মুছতে বলেন, এটি খুশির কান্না।
আদালতের বারান্দায়ও গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেখা গেছে স্বজনদের ভিড়। তবে জামিন না পেয়ে অনেকে হতাশ হয়ে ফেরেন। নগরের ডবলমুরিং থানার একটি মারামারির মামলায় কারাগারে আটক জসীম উদ্দিনের জামিনের আবেদন করেন তাঁর স্ত্রী বিলকিস আক্তার। জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে যান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করবেন, সেই আশায় কারাগারে আটক বেশির ভাগ বন্দী জামিনের আবেদন করেছেন। গত চার দিন ধরে জামিনে মুক্তি পেয়েছেন অনেক বন্দী। সপ্তাহখানেক আগে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন বন্দী মুক্তি পেলেও এখন ১৫০ থেকে ১৭০ জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে কোনো শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি জামিন পাননি। জামিন পাওয়া ব্যক্তিরা যৌতুক, মারামারি ও ছোটখাটো মাদক মামলার আসামি।
কারা ও আদালত সূত্রে জানা গেছে, মুক্তি পেলে প্রিয়জনদের সঙ্গে ঈদ করা যাবে। এ আশায় বন্দী ও তাঁদের স্বজনেরা আইনজীবীর মাধ্যমে আদালতে দৌড়ঝাঁপ করছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে জামিনের আবেদন বেড়ে যায় আদালতে।