ঈদ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সেনাক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার সেনাক্যাম্প পরিদর্শনকালে সেখানে দায়িত্বরত সেনাসদস্যদের দিকনির্দেশনা দেন।
ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের ধূপশীল সেনাক্যাম্প ও বান্দরবান রিজিয়নের রুমা জোন পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান ধূপশীল সেনাক্যাম্পে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

পরিদর্শনকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাঙামাটির ধূপশীল সেনাক্যাম্প ও বান্দরবানের রুমা জোন সদরের সব সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এ সময় সেনাবাহিনীর প্রধান পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি করোনা মহামারির কারণে সৃষ্ট চলমান সংকট মোকাবিলায় সব পদবির সেনাসদস্যদের সরকারপ্রদত্ত বিধিনিষেধ যথাযথভাবে পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধান উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন। রুমা জোন সদরে সব সদস্যের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন তিনি।

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার সেনাক্যাম্প পরিদর্শনকালে সেখানে দায়িত্বরত সেনাসদস্যদের ঈদ–উপহার দেন।
ছবি: আইএসপিআর

পরিদর্শনকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাঙামাটি রিজিয়ন ও রুমা জোনের অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।