পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িমুখী মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১১ সেপ্টেম্বর শুক্রবার থেকে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আর বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর।
ঈদের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন গতকাল সোমবার বলেন, বাস মালিকদের সিদ্ধান্ত অনুসারে ১১ সেপ্টেম্বর সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রার টিকিট দেওয়া হবে। তিনি দাবি করেন, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হবে।
বিআরটিসির পরিচালক (কারিগরি) এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার বলেন, ‘১৬ সেপ্টেম্বর থেকে আমাদের বিভিন্ন বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।’
বাংলাদেশ রেলওয়ে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট।
রেল কর্তৃপক্ষ বলেছে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৫ সেপ্টেম্বর দেওয়া হবে ২০ তারিখের টিকিট, ১৬ সেপ্টেম্বর ২১ তারিখের, ১৭ সেপ্টেম্বর ২২ তারিখের, ১৮ সেপ্টেম্বর ২৩ তারিখের এবং ১৯ সেপ্টেম্বর দেওয়া হবে ২৪ তারিখের টিকিট।
অগ্রিম ফিরতি টিকিট বিক্রির প্রথম দিন ২৩ সেপ্টেম্বর দেওয়া হবে ২৭ তারিখের টিকিট, ২৪ সেপ্টেম্বর ২৮ তারিখের, ২৫ সেপ্টেম্বর ২৯ তারিখের, ২৬ সেপ্টেম্বর ৩০ তারিখের এবং ২৭ সেপ্টেম্বর দেওয়া হবে ১ অক্টোবরের টিকিট। এবারও সকাল নয়টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকিট ফেরত দেওয়া যাবে না।