ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ ও স্টিমার চলাচল শুরু
ঈদ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে বিশেষ লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হয়েছে। তবে গতকাল সন্ধ্যায় বেশ কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী ও ছাদে যাত্রী নিয়ে টার্মিনাল ছেড়ে যায়। গতকাল ছুটির দিনেও পুরান ঢাকার সদরঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট এড়াতে ঈদে ঘরমুখো যাত্রীরা লঞ্চ ছাড়ার ৪-৫ ঘণ্টা আগে থেকেই সদরঘাট টার্মিনাল ও লঞ্চে এসে অবস্থান নেয়। স্টিমারের যাত্রী মোহন মিয়া (৫০) বলেন, বাদামতলী এলাকার রাস্তাগুলোতে ফলের দোকান ও ট্রাক রাখার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ফলে তাঁদের পরিবার-পরিজন নিয়ে বাদামতলী ঘাটে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়। যাত্রী হান্নান বেপারী বলেন, সদরঘাট এলাকার রাস্তার দুই পাশে অবৈধ দোকান বসার কারণে ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে সদরঘাট পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার পাশের সব দোকানপাট উচ্ছেদ করা উচিত। ঢাকা নদীবন্দরের উপপরিচালক মো. শহীদ উল্লাহ বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি রোধে বন্দর কর্মকর্তা ও কর্মচারীরা তৎপর রয়েছেন।